মুম্বই: উত্তর-পূর্ব ভারতের মণিপুর ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে। রকেট হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় যখন ফুঁসছে গোটা রাজ্য, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় বিঁধলেন জনপ্রিয় অভিনেত্রী কুণিকা সদানন্দ। বঙ্গে গঙ্গাবক্ষে নৌকাবিহার থেকে শুরু করে কাশীতে মোদির রোড শো - সব কিছুকেই ‘অর্থহীন’ তকমা দিয়ে কুণিকার প্রশ্ন, “মণিপুর যাওয়ার সময় নেই কেন?” এই মন্তব্য ঘিরেই এখন সরগরম সোশ্যাল মিডিয়া।
উল্লেখ্য, বুধবার কাশীতে মোদীর বর্ণাঢ্য রোড শো-এর ভিডিয়ো শেয়ার করে নিজের ক্ষোভ উগরে দেন কুণিকা। তিনি লেখেন, “ভীষণ হাস্যকর! আমি লজ্জিত যে আমাদের প্রধানমন্ত্রী মণিপুরের অদূরে গিয়ে ফুটবল খেলছেন। কিন্তু, জ্বলন্ত মণিপুরে যাওয়ার সময় তাঁর নেই। আপনি এত ভয় পাচ্ছেন কেন, শ্রী প্রধানমন্ত্রী?”
কুণিকা আরও কটাক্ষ করে বলেন, সেখানে গেলে হয়তো মোদীকে সাংবাদিক বৈঠক করতে হবে। আর, তাঁর কাছে কোনও উত্তর নেই বলেই তিনি এড়িয়ে যাচ্ছেন! ১২ বছর আগে দেওয়া মোদীর ‘আচ্ছে দিন’-এর প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।
চলতি মাসের শুরুতেই বিএসএফ জওয়ানের বাড়িতে কুকি জঙ্গিদের রকেট হামলায় এক শিশুকন্যা ও এক বালকের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই নতুন করে অশান্তি ছড়িয়েছে মণিপুরে। কেন্দ্র ও রাজ্যের নীরবতা নিয়ে নাগরিক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। কুণিকার দাবি, মোদী যখন বাংলায় ঝালমুড়ি খেয়ে প্রচার করছেন, তখন মণিপুর ব্রাত্য হয়ে পড়ে আছে।
কুণিকার এই মন্তব্য ভাইরাল হতেই তাঁর উপর কার্যত ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি সমর্থকরা। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, ভাঙা সংসার এবং কুমার শানুর সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের প্রসঙ্গ টেনে কুৎসিত আক্রমণ করা হয়েছে। অনেকে তাঁকে ‘কংগ্রেসের আইটি সেল’-এর সদস্য বলেও দেগে দিয়েছেন। যদিও নিন্দুকদের পাল্টা জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী। তাঁর এই ‘বিস্ফোরক’ পোস্ট এখন জাতীয় রাজনীতির অন্দরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন