বাংলার দ্বিতীয় দফার হাইভোল্টেজ নির্বাচন মিটতেই এবার ‘রিপোল’ বা পুনর্নির্বাচনের মেঘ ঘনাচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪টি বুথে নতুন করে ভোটগ্রহণের জন্য সুপারিশ করেছেন ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার (RO)। বৃহস্পতিবার রাতে এই চাঞ্চল্যকর খবরের সত্যতা নিশ্চিত করেছেন নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। স্ক্রুটিনি বা ভোটের নথিপত্র পরীক্ষার সময় ওই নির্দিষ্ট বুথগুলোতে কিছু অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই সুপারিশ, তা খতিয়ে দেখছে কমিশন।
ডায়মন্ড হারবারের পাশাপাশি কমিশনের আতসকাঁচের নিচে রয়েছে ফলতা এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রও। পর্যবেক্ষক জানিয়েছেন, এই দুই কেন্দ্রের বেশ কিছু বুথ নিয়ে গুরুতর অভিযোগ জমা পড়েছে। দিনভর চলা স্ক্রুটিনিতে দেখা গেছে, ওই বুথগুলোর নথিপত্রেও বেশ কিছু গরমিল রয়েছে। ফলতা ও মগরাহাট পশ্চিমের এই বিতর্কিত বুথগুলো নিয়ে ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। ফলে দক্ষিণ ২৪ পরগনার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটের লড়াই শেষ হয়েও যেন হচ্ছে না।
যদিও পুনর্নির্বাচন হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের। পর্যবেক্ষক সুব্রত গুপ্ত পরিষ্কার করে দিয়েছেন যে, স্থানীয় আধিকারিকরা কেবল তাঁদের সুপারিশ ও রিপোর্ট পাঠাতে পারেন। এখন দেখার, দিল্লির নির্বাচন কমিশন এই স্ক্রুটিনি রিপোর্ট খতিয়ে দেখে কোন সিদ্ধান্তে পৌঁছায়। যদি কমিশন মনে করে ওই বুথগুলোতে ভোটগ্রহণ স্বচ্ছ হয়নি, তবে আগামী কয়েক দিনের মধ্যেই ডায়মন্ড হারবার-সহ সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। গণনার আগে এই রিপোল জল্পনায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন