উদয়নারায়ণপুর: হাওড়ার উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে এক বৃদ্ধের মৃত্যু কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল তুললেও, এবার সরাসরি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে সেই দাবিকে ‘ভুল’ বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
কমিশনের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ৮২ বছর বয়সী পূর্ণচন্দ্র দলুই তাঁর ছেলের সঙ্গে বুথে প্রবেশ করেন। হাতে কালি লাগানোর পর তিনি নিজেই লাঠিতে ভর দিয়ে ইভিএম-এর দিকে এগিয়ে যান। ভিডিয়োয় দেখা যায়, ভোট দেওয়ার পদ্ধতি বুঝিয়ে দিতে তাঁর ছেলেও একবার ইভিএম-এর কাছে যান এবং পরে সরে আসেন। এর কিছুক্ষণ পরই বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে ইভিএম-এর সামনেই লুটিয়ে পড়েন। পরে ভোটকর্মী ও তাঁর ছেলে মিলে তাঁকে উদ্ধার করে নিয়ে যান।
তৃণমূল নেতার অভিযোগকে সরাসরি ‘ভ্রান্ত তথ্য’ বা মিসইনফরমেশন বলে দাগিয়ে দিয়েছে কমিশন। এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী কোনও ভোটারকে ধাক্কা দেয়নি বা দুর্ব্যবহার করেনি। বৃদ্ধের মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত অসুস্থতা এবং তীব্র গরমের কারণে। শান্তিপূর্ণ ভোট করাতে জওয়ানরা দিনরাত পরিশ্রম করছেন। তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা দুর্ভাগ্যজনক।
ঘটনার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতদেহের ছবি পোস্ট করে দাবি করেছিলেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির ‘ব্যক্তিগত বাহিনী’ হিসাবে কাজ করছে। তিনি অভিযোগ করেন, জওয়ানদের ধাক্কাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এমনকী, কেন্দ্রীয় বাহিনীকে ‘বাইরে থেকে আসা জল্লাদ’ বলে আক্রমণ করে ২০২১ সালের শীতলকুচি ঘটনার সঙ্গেও এর তুলনা টানেন তিনি।
তবে, কমিশনের এই ভিডিয়ো ও পাল্টা বিবৃতির পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, গণতন্ত্র সত্যের উপর টিকে থাকে, ভয়ের উপর নয়। শোকাতুর পরিবারের যন্ত্রণা নিয়ে রাজনীতি না করারও অনুরোধ জানিয়েছে তারা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন