নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুর্গাপুরের জেমুয়া এলাকায় উদ্ধার হলো এক কিশোরের ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে চাষের জমির পাশে একটি টিনের চাল থেকে ১৭ বছর বয়সী শেখ রশিদুলের দেহ উদ্ধার করা হয়। তবে দেহটি ঝুলন্ত অবস্থায় থাকলেও পা মাটিতে ঠেকে থাকায় রহস্য দানা বেঁধেছে। পরিবারের পক্ষ থেকে সরাসরি খুনের অভিযোগ তোলা হয়েছে। তাঁদের দাবি, রশিদুলকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সঠিক তদন্তের দাবিতে সোচ্চার হয়েছে পরিবার।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শৌচাগারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় রশিদুল, তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এর আগে বুধবার এক বান্ধবীর সঙ্গে পানাগড়ের দিকে যাওয়ার সময় পুলিশ তাঁদের আটকে জিজ্ঞাসাবাদ করেছিল। সেদিন রাতে বন্ধুর বাড়িতে কাটিয়ে বৃহস্পতিবারই বাড়ি ফিরেছিল রশিদুল। তবে তার পরদিনই এই মর্মান্তিক মৃত্যু স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। মৃত্যুর পেছনে কোনও প্রেমঘটিত বিবাদ নাকি অন্য কোনও শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে, সেখান থেকে পরে আসানসোল জেলা হাসপাতালেও পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হওয়া যাবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন। বর্তমানে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে সবকটি দিক খতিয়ে দেখা হচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন