গুয়াহাটি: শোকের ছায়া কাটিয়ে এবার নতুন লড়াইয়ের ময়দানে গরিমা শইকিয়া গর্গ। অসমীয়া বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ গরিমা এবার আর ক্যামেরার পিছনে নয়, আসতে চলেছেন ক্যামেরার সামনে। দীর্ঘদিনের প্রযোজনা ও পোশাক পরিকল্পনার অভিজ্ঞতা পাথেয় করে এবার তিনি পা রাখছেন অভিনয় জগতে। তাও আবার একেবারে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নায়িকার ভূমিকায়।
জানা গিয়েছে, প্রখ্যাত পরিচালক মানস বড়ুয়া (অসমে যিনি ‘ভাইমনদা’ নামে জনপ্রিয়)-র আসন্ন ছবি ‘বারুদ ২’-এ অভিনয় করবেন গরিমা। মানস বড়ুয়া হলেন কিংবদন্তি পরিচালক মুনিন বড়ুয়ার পুত্র। ইতিমধ্যেই ছবির শুটিংয়ের জন্য জোড়হাটে পৌঁছে গিয়েছেন গরিমা। তবে, ছবিতে তাঁর বিপরীতে নায়ক হিসাবে কাকে দেখা যাবে, তা নিয়ে এখনও রহস্য বজায় রেখেছেন নির্মাতারা।
অভিনয় জগতে পা রাখাটা যে গরিমার কোনও আকস্মিক সিদ্ধান্ত নয়, তা স্পষ্ট তাঁর সাম্প্রতিক পদক্ষেপে। শুটিং শুরু করার আগে তিনি পৌঁছে গিয়েছিলেন সোনাপুরের ‘জুবিন ক্ষেত্র’-এ। প্রয়াত স্বামী তথা জনপ্রিয় গায়ক জুবিন গর্গের সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে ও তাঁর আশীর্বাদ নিয়েই নতুন কাজ শুরু করছেন তিনি। প্রিয় শিল্পীর স্মৃতিবিজড়িত এই স্থানে প্রতিনিয়ত অনুরাগীরা ভিড় করেন, আর গরিমাও নিজের জীবনের এই বড় সিদ্ধান্তের আগে সেখানে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।
গরিমা শইকয়া গর্গের কাছে বিনোদন জগৎ একেবারেই নতুন নয়। এর আগে তিনি সফলভাবে ছবি প্রযোজনা করেছেন এবং পোশাক শিল্পী (কস্টিউম ডিজাইনার) হিসাবেও কাজ করেছেন। ‘রই রই বিনালে’ (২০২৫), ‘কাঞ্চনজঙ্ঘা’ (২০১৯) এবং ‘শিকার’ (২০২৪)-এর মতো অসমীয়া ছবির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এছাড়াও, জুবিন গর্গের বেশ কিছু নিজস্ব প্রযোজনাতেও তিনি কাজ করেছেন।
দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে কাজ করার পর এবার গরিমাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অসমের দর্শক। স্বামীর স্মৃতি আর আশীর্বাদ সম্বল করে তাঁর এই নতুন ইনিংস কতটা সফল হয়, সেটাই এখন দেখার।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন