কলকাতা: ৪ মে, ২০২৬: গণনার দিন কি তবে প্রকৃতিও খেল দেখাবে? বৈশাখের তীব্র দাহদাহ থেকে মিলল বড়সড় স্বস্তি, তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর তাণ্ডব আরও বাড়তে পারে বলে সাফ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার বিকেলের পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপট দেখা গিয়েছে। আবহাওয়াবিদদের মতে, সোমবার অর্থাৎ ৪ মে ভোট গণনার দিন দুর্যোগের মাত্রা আরও বাড়তে পারে। ওই দিন কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের তাণ্ডব বজায় থাকতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তের জেরেই এই দুর্যোগ।
আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে এই ঝড়বৃষ্টির দাপট চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে রবিবার ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কয়েক ডিগ্রি কমেছে, যা তীব্র গরমের হাত থেকে আমজনতাকে সাময়িক রেহাই দিচ্ছে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন