ভাঙড়: ৩ মে, ২০২৬: ভোটগণনার ঠিক আগের মুহূর্তে এক অদ্ভুত অস্বস্তিতে বিদ্ধ ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। তাঁকে লক্ষ্য করে তৈরি একটি চটুল প্যারোডি গান ‘মাছ চোর’ সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই এবার রণংদেহি মেজাজে ধরা দিলেন এই দাপুটে নেতা।
ব্যক্তিগত কুৎসা এবং কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ তুলে এবার সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শওকতের দাবি, রাজনৈতিক লড়াই ময়দানে হওয়া উচিত, কিন্তু যেভাবে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে গান বাঁধা হয়েছে, তার বিরুদ্ধে তিনি খুব শীঘ্রই আদালতের দ্বারস্থ হতে চলেছেন। রাজনীতিতে আসার আগে শওকত মাছ চাষের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, সেই প্রেক্ষাপটকেই গানের ছত্রে ছত্রে ব্যঙ্গ করা হয়েছে।
সোশাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়া এই গান নিয়ে ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি তাঁর কর্মীদের সংযত থাকার অনুরোধ করলেও বাস্তবে তা সব জায়গায় বাজতে শোনা যাচ্ছে। শওকত মোল্লা এই ঘটনার নেপথ্যে আইএসএফ এবং তাঁরই দলের একাংশের চক্রান্ত দেখছেন। উল্লেখ্য, তৃণমূল নেতা কাইজার আহমেদ একটি সাক্ষাৎকারে প্রথম শওকতকে ‘মাছ চোর’ বলে কটাক্ষ করেছিলেন, যার পরেই এই প্যারোডিটি জনমানসে ব্যাপক জনপ্রিয় হয়।
ভোটের মরসুমে কোনো প্রার্থীর সম্মানহানি করে এমন গান আদৌ আইনি কি না, তা নিয়ে প্রশ্ন উঠলেও কমিশন এখনও নীরব। তবে ৪ মে-র মহালড়াইয়ের আগে এই ‘মাছ চোর’ বিতর্ক যে ভাঙড়ের রাজনৈতিক সমীকরণে বাড়তি মশলা যোগ করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন