কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলাকালীনই বিস্ফোরক অভিযোগ তুলল শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চললেও, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ৭০টিরও বেশি আসনের ট্রেন্ড আপডেট না হওয়ার বিষয়টি নিয়ে সরব হয়েছে ঘাসফুল শিবির। এই ঘটনা কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
তৃণমূলের অভিযোগ, ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবেই ৭০টিরও বেশি আসনের ফলাফল বা ট্রেন্ড জনসমক্ষে আনছে না। বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এই বিষয়ে সরাসরি নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, "কেন নির্বাচন কমিশন ২৯৩টি আসনের ট্রেন্ড দেখাচ্ছে না? ৭০টিরও বেশি আসনের ট্রেন্ড ইচ্ছাকৃতভাবে আড়াল করে রাখা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে সবকটি আসনের ট্রেন্ড প্রকাশ্যে আনা হোক।"
যদিও তৃণমূলের এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫৩টি আসনের ট্রেন্ড আপডেট হয়েছে। এর মধ্যে ১৬৭টি আসনে বিজেপি, ৮২টি আসনে তৃণমূল কংগ্রেস, এবং অন্য ছোট দলগুলি (বিজিপিএম, এজেইউপি, সিপিআইএম, আইএসএফ) ১টি করে আসনে এগিয়ে রয়েছে। তবে, কমিশনের তথ্য আপডেট না হওয়া নিয়ে তৃণমূলের এই ক্ষোভ ভোট গণনার আবহে এক নতুন বিতর্কের জন্ম দিল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন