মতুয়া ভোটব্যাঙ্ক কার দিকে যাবে, তা নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বনগাঁর রাজনৈতিক মানচিত্র আবারও গেরুয়া রঙেই রাঙিয়ে দিলেন ভোটাররা। ২০২৬ বিধানসভা নির্বাচনের ট্রেন্ড বলছে, বনগাঁ উত্তর, দক্ষিণ, গাইঘাটা এবং বাগদা— জঙ্গলমহলের মতো জঙ্গলবাড়ি এলাকাতেও পদ্ম শিবিরের আধিপত্য অটুট।
বিশেষ নজর ছিল বাগদা কেন্দ্রের ‘ননদ বনাম বউদি’র হাইভোল্টেজ লড়াইয়ের দিকে। সেখানে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে কয়েক কদম পিছনে ফেলে বিশাল ব্যবধানে এগিয়ে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী তথা বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। দশম রাউন্ডের গণনা শেষে সোমা প্রায় ২১ হাজারের বেশি ভোটের লিড নিয়ে কার্যত জয়ের পথে। সকালে মধুপর্ণা কিছুটা এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোমার দাপটে ম্লান হয়ে যায় ঘাসফুলের সেই প্রাথমিক দৌড়।
গাইঘাটা থেকে বনগাঁ উত্তর— সবর্ত্রই বিজেপির এই জয়জয়কার প্রমাণ করে দিচ্ছে যে মতুয়াদের বড় অংশ আজও গেরুয়া শিবিরের ওপরেই আস্থা রাখছে। গাইঘাটা কেন্দ্রে সপ্তম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী ১৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে থাকায় জয়ের বিষয়ে নিশ্চিত কর্মী-সমর্থকরা।
২০১৯-এর লোকসভা এবং ২০২১-এর বিধানসভার ধারা বজায় রেখে বনগাঁর এই ট্রেন্ড তৃণমূলের ‘মতুয়া-মিশন’কে বড়সড় ধাক্কা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। গণনা কেন্দ্রের বাইরে ইতিমধেই আবির খেলা আর লাড্ডু বিলি শুরু করে দিয়েছেন উল্লসিত বিজেপি কর্মীরা; তাঁদের দাবি, ঠাকুরবাড়ির আশীর্বাদ আর মোদি-শান্তনু জুটির কাজই বনগাঁয় গেরুয়া আবির ওড়াতে সাহায্য করেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন