২০২৬-এর বিধানসভা নির্বাচনের গণনায় রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহ তৈরি হতেই বড়সড় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। সোমবার দুপুরের পর থেকেই নবান্ন, মহাকরণ, বিকাশ ভবন, খাদ্য ভবন এবং জলসম্পদ ভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে তড়িঘড়ি পাঠানো হয়েছে কুইক রেসপন্স টিম (QRT)। কমিশনের মূল লক্ষ্য এখন একটাই— যাবতীয় সরকারি নথিপত্র ও ফাইলের সুরক্ষা নিশ্চিত করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে এসে বারবার হুশিয়ারি দিয়েছিলেন যে, বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতির সমস্ত ‘বন্ধ ফাইল’ খোলা হবে। রাজনৈতিক মহলের ধারণা, সেই প্রতিশ্রুতির কথা মাথায় রেখেই কোনও ফাইল যাতে লোপাট বা নষ্ট না হতে পারে, তা নিশ্চিত করতেই এই নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
রাজ্যের প্রধান প্রশাসনিক কেন্দ্র নবান্নকে ঘিরে এই মুহূর্তে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। নবান্নের প্রবেশপথ থেকে শুরু করে চারপাশ— কার্যত মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানে। নথিপত্র সরালে বা স্যাবোটাজের কোনও চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের প্রতিনিধিদের। বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হচ্ছিল যে, ফল প্রকাশের আগে প্রভাবশালীরা গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলতে পারেন। সেই আশঙ্কাই এখন প্রশাসনিক তৎপরতার মূল কারণ। দীর্ঘ কয়েক দশক পর রাইটার্স বিল্ডিং বা মহাকরণকেও নতুন প্রশাসনিক গুরুত্ব দেওয়ার পরিকল্পনা দানা বাঁধছে গেরুয়া শিবিরে। শেষ পর্যন্ত ক্ষমতার পালাবদল হলে এই ‘ফাইল সুরক্ষা’ যে আগামী দিনের তদন্তের ক্ষেত্রে মূল চাবিকাঠি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন