কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই উত্তপ্ত হয়ে উঠল কলকাতা। এদিন বিকেলে দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরেই বিজেপি কর্মী-সমর্থকদের প্রবল বিক্ষোভ এবং স্লোগান দেওয়া কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়াল হরিশ চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন চত্বরে। রাজ্যের নির্বাচনী ট্রেন্ড গেরুয়া শিবিরের অনুকূলে যেতেই উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর পাড়ায় ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন, যা নিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এদিন বিকেল নাগাদ আচমকাই একদল বিজেপি সমর্থক ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতে চেষ্টা করেন। তাঁদের হাতে ছিল দলীয় পতাকা এবং মুখে ছিল তৃণমূলবিরোধী স্লোগান। এই ঘটনা কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পুলিশবাহিনী এবং র্যাফ নামানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
তৃণমূল শিবিরের অভিযোগ, পরাজয় নিশ্চিত বুঝে বিজেপি কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্ররোচনা ছড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ভিড় করেছেন। ভবানীপুরের মতো শান্ত এলাকায় এই ধরনের আচরণ ‘পৈশাচিক উল্লাস’ বলে কটাক্ষ করেছেন ঘাসফুল শিবিরের স্থানীয় নেতৃত্ব। অন্যদিকে, বিজেপি সমর্থকদের দাবি, দীর্ঘ শাসনের অবসানের আনন্দেই তাঁরা এই স্বতঃস্ফূর্ত মিছিলে যোগ দিয়েছেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার প্রাক্কালে ভবানীপুরের এই ঘটনা রাজ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গোটা এলাকায় কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে এবং যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আজকের এই ঘটনা কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা এখন তুঙ্গে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন