কলকাতা: গঙ্গার ওপার থেকে এপারে ফিরছে বাংলার প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রীয় দফতর। কারণ - নবান্ন নয়, ঐতিহাসিক মহাকরণ বা রাইটার্স বিল্ডিং থেকেই পরিচালিত হবে আগামীর বিজেপি সরকার। ২৫ বৈশাখ অর্থাৎ ৯ মে ব্রিগেডে শপথগ্রহণের তোড়জোড় চলার মাঝেই নতুন রূপরেখা নিয়ে কাজ শুরু করে দিল পূর্ত দফতর (PWD)। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরতে চলেছে সেই পরিচিত ব্যস্ততা।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই ঘোষণা করেছিলেন, তাঁদের সরকার নবান্ন থেকে নয়, রাইটার্স থেকেই কাজ করবে। সেই প্রতিশ্রুতি মেনেই এবার মহাকরণের ধুলো ঝাড়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘর কোথায় হবে, অন্য মন্ত্রীরা কোথায় বসবেন - সেই নকশা তৈরিতে ব্যস্ত প্রশাসনিক কর্তারা।
জানা যাচ্ছে, খুব শীঘ্রই পূর্ত দফতরের একটি দল রাইটার্স পরিদর্শন করবে। পরিদর্শনে যেতে পারেন খোদ মুখ্যসচিবও। ভাবী মুখ্যমন্ত্রীর নিরাপত্তার খাতিরে পুলিশের সঙ্গে বিশেষ বৈঠকে বসবে পিডব্লিউডি টিম। রাইটার্সের সামনের অংশটিকে প্রাথমিকভাবে কাজের উপযোগী করে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। দীর্ঘ সময় বড় মাপের প্রশাসনিক কাজ বন্ধ থাকায় মহাকরণের বেশ কিছু অংশ সংস্কারের প্রয়োজন। সেই কাজের রূপরেখা দ্রুত তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রাইটার্সের প্রস্তুতির সমান্তরালে বিজেপির অন্দরে এখন সবথেকে বড় জল্পনা - কে হবেন সেই ভাগ্যবান মুখ্যমন্ত্রী যিনি মহাকরণের শীর্ষাসনে বসবেন? পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া ত্বরান্বিত করতে মঙ্গলবার রাত অথবা বুধবার সকালেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাধারণত এই ধরনের প্রক্রিয়ায় শাহ নিজে উপস্থিত থাকেন না। কিন্তু, বাংলার গুরুত্ব বুঝে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে সঙ্গে নিয়ে জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন।
৯ মে ব্রিগেডে বিশাল জনসমাবেশে শপথ নিতে পারে নতুন মন্ত্রিসভা। দীর্ঘ প্রতীক্ষার পর ডালহৌসি চত্বরে লাল বাড়ির অলিন্দে ফের সাইরেন বাজানো গাড়ির ভিড় এবং প্রশাসনিক তৎপরতা দেখার অপেক্ষায় এখন তিলোত্তমা!

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন