চণ্ডীগড়: অবতরণের কয়েক মুহূর্তের মধ্যেই ইন্ডিগোর বিমানে বিধ্বংসী আগুন! মঙ্গলবার দুপুরে চণ্ডীগড় বিমানবন্দরে ইন্ডিগোর একটি বিমানে আচমকা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিমানের ভিতর দাউদাউ আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখে আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা। তড়িঘড়ি খুলে দেওয়া হয় আপৎকালীন দরজা।
হায়দরাবাদ থেকে ওড়া ইন্ডিগোর ৬ই ১০৮ বিমানটি দুপুর ৩টে ২৯ মিনিটে চণ্ডীগড় বিমানবন্দরে নামে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রানওয়েতে থাকাকালীনই বিমানের কেবিন থেকে হঠাৎ কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। নিমেষের মধ্যে কেবিনের ভেতরে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। ফলে হুলস্থূল পড়ে যায় বিমানের ভিতরে। বিমানকর্মীরা কালক্ষেপ না করে সমস্ত যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে শুরু করেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিমানের এক যাত্রীর ব্যাগে থাকা ‘পাওয়ার ব্যাঙ্ক’-এ আচমকা বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণ থেকেই কেবিনের ভেতরে আগুন ধরে যায়। ইন্ডিগো কর্তৃপক্ষের তৎপরতায় এবং অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বড়সড় কোনও অঘটন বা প্রাণহানি না ঘটলেও এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
ঘটনার পরই ইন্ডিগোর তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, “হায়দরাবাদ থেকে চণ্ডীগড়গামী বিমানে এক যাত্রীর ব্যক্তিগত বৈদ্যুতিন ডিভাইসে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। ক্রু মেম্বারদের তৎপরতায় সমস্ত যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।” বিমানটির যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও জানানো হয়েছে।
পাওয়ার ব্যাঙ্কের মতো সাধারণ একটি ডিভাইস থেকে কীভাবে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন