কলকাতা: বঙ্গে তৃণমূলের ভরাডুবি হতেই এবার দলের অন্দরের কঙ্কাল টেনে বের করে আনলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিদায়ী মন্ত্রী মনোজ তিওয়ারি। তৃণমূলের ‘দুর্নীতি’ নিয়ে সরাসরি তোপ দেগে মঙ্গলবার দল ছাড়ার বড় ঘোষণা করলেন তিনি। তাঁর বক্তব্য, একুশের সেই উদ্দীপনা এখন টাকার খেলায় পরিণত হয়েছে।
এবারের নির্বাচনে টিকিট না পেয়ে ক্ষুব্ধ মনোজ এদিন রীতিমতো বোমা ফাটিয়ে দাবি করেছেন, তৃণমূলের প্রার্থী তালিকায় অন্তত ৭০-৭২ জন প্রার্থী ৫ কোটি টাকা দিয়ে টিকিট কিনেছেন। মনোজের দাবি, “তৃণমূল বিরাট টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে। আমাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল ৫ কোটি টাকা দিয়ে টিকিট কেনার। কিন্তু, আমি সেই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমি শুধু জানতে চাই, টাকা দিয়ে যারা টিকিট কিনেছিল, তাদের ক’জন জিতল?”
তৃণমূলের এই নির্বাচনী ফলে তিনি মোটেই অবাক নন বলে জানান মনোজ। তাঁর মতে, “যখন একটা দল আপাদমস্তক দুর্নীতিতে জড়িয়ে পড়ে এবং উন্নয়নের বদলে দুর্নীতির রাজনীতি শুরু করে, তখন এই ধরনের ফলাফল হওয়াটাই স্বাভাবিক।” তিনি সাফ জানিয়ে দেন, তৃণমূলের সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক এখন অতীত।
২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল বাংলার এই প্রাক্তন ক্রিকেট অধিনায়কের। মন্ত্রী হিসাবেও কাজ করেছেন তিনি। কিন্তু, ২০২৬-এর নির্বাচনে তাঁকে টিকিট না দেওয়ায় ফাটল ধরেছিল সম্পর্কে। মঙ্গলবার দল হারতেই সেই ফাটল আগ্নেয়গিরির আকার নিল! মনোজের এই দাবি ঘিরে বর্তমানে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। এখন দেখার মনোজের এই মারাত্মক অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দেয় কিনা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন