কলকাতা: ‘শান্তিনিকেতন’ এখন কার্যত নিঃঝুম! অতিরিক্ত নিরাপত্তার বেড়াজাল সরে যাওয়ার ফলেই এই নিস্তব্ধতা! বুধবার দুপুরে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল হরিশ মুখার্জি স্ট্রিট। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ‘শান্তিনিকেতন’ থেকে দড়ি দিয়ে বেঁধে নামিয়ে আনা হল পুলিশের সেই বিশালাকার স্ক্যানার! যা সাধারণত দেখা যায় দেশের বড় বড় বিমানবন্দরে, মেট্রো রেলের স্টেশনে!
বুধবার সকাল থেকেই আসলে ছবিটা বদলাতে শুরু করেছিল। সোমবার রাত পর্যন্ত যেখানে ছিল কড়া পুলিশি পাহারা ও গার্ডরেল, বুধবার দুপুরে সেখানে ঝুলছে বিজেপির পতাকা! অভিষেকের বাড়ির সামনে থাকা পুলিশ বুথটি এখন জনশূন্য। বিমানবন্দরের মতো যে হাই-টেক নিরাপত্তাব্যবস্থা এত দিন অভিষেকের বাড়ির সুরক্ষায় মোতায়েন ছিল, বুধবার তা ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে বাড়ির সামনে লাইন দিয়ে রাখা চেয়ারগুলিও।
এদিকে, অতিরিক্ত নিরাপত্তা সরে যেতেই রাস্তায় ভিড় জমিয়েছে কৌতূহলী সাধারণ মানুষ। এত দিন বাড়ির সামনের ফুটপাথ দিয়ে চলাফেরা করা ছিল সাধারণ নাগরিকদের কাছে কার্যত নিষিদ্ধ। এক প্রবীণ বাসিন্দা আনন্দ প্রকাশ করে বললেন, “এখন খুব ভালো লাগছে। আগে এই ফুটপাথ দিয়ে আমরা হাঁটতেই পারতাম না। নিরাপত্তার অজুহাতে বারবার রাস্তা বন্ধ করে দেওয়া হত।” সাধারণ মানুষের কথায়, পালাবদলের পর এলাকাটি যেন দীর্ঘদিনের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেল।
শুধু শান্তিনিকেতন নয়, ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকেও ‘সিজর ব্যারিকেড’ ও অতিরিক্ত প্রহরা সরিয়ে নেওয়া হয়েছে। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদায়ী মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ হিসাবে তাঁরা নিয়মমাফিক যতটুকু নিরাপত্তা পাওয়ার অধিকারী, ততটুকুই বহাল থাকবে। তবে, ক্ষমতার শীর্ষে থাকাকালীন যে ভিভিআইপি ট্রিটমেন্ট তাঁরা পেতেন, পালাবদলের ২৪ ঘণ্টার মধ্যেই তাতে দাঁড়ি টানল লালবাজার।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন