কলকাতা: বিস্ফোরক অভিযোগ আর চোখের জলের মিশেলে বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মধ্যমগ্রামের হাসপাতাল চত্বর। দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে হারিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে নিয়ে তিনি স্পষ্ট জানালেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বেশ কয়েকদিন ধরে ‘রেকি’ করে ঠান্ডা মাথায় করা হয়েছে পরিকল্পিত খুন।
রাজ্যে লাগাতার রাজনৈতিক হিংসার প্রসঙ্গ টেনে শুভেন্দু দাবি করেন, গত ১৫ বছর ধরে বাংলায় কেবল প্রতিহিংসার রাজনীতিই চলছে। খড়দহে বোমা, বরাহনগরে ছুরি কিংবা বসিরহাটে গুলি— বিজেপি কর্মীদের ওপর একের পর এক হামলার তালিকায় এবার যোগ হলো চন্দ্রনাথের নাম। খুনের নেপথ্যে রাজনৈতিক যোগসূত্র থাকার প্রবল সম্ভাবনা থাকলেও তদন্তের স্বার্থে এখনই কোনো নির্দিষ্ট নাম নিতে চাননি তিনি। তবে রাজ্য পুলিশের ডিজির ওপর ভরসা রেখে দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন।
শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে শুভেন্দু ঘোষণা করেন, মৃতের পরিবার এবং আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেবে দল। তবে এই উত্তপ্ত আবহে দলের কর্মীদের আবেগের বশবর্তী হয়ে আইন হাতে তুলে না নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে শুভেন্দু মনে করিয়ে দেন, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত এগোচ্ছে, তাই তদন্ত প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি করা চলবে না। এখন দেখার, ‘শান্ত থাকার’ এই বার্তার আড়ালে আগামীর লড়াইয়ের কোন সলতে পাকাচ্ছেন অধিকারী পরিবারের সেজো ছেলে।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন