পুদুচেরি: দেশের চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা লড়াইয়ে যখন পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ু নিয়ে চর্চা তুঙ্গে, তখনই নীরবে সরকার গড়ার পথে এগিয়ে চলেছে পুদুচেরিও। কেন্দ্রশাসিত এই অঞ্চলে বিপুল জয়ের পর এনডিএ জোটের নেতা হিসাবে বেছে নেওয়া হয় এন রঙ্গস্বামীকে (N Rangaswamy)। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। পাশাপাশি, বড় চমক দিয়ে তাঁর ডেপুটি বা উপমুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে বিজেপি বিধায়ক এ নমশিবায়ের।
৩০ আসন বিশিষ্ট পুদুচেরি বিধানসভায় এবার এনডিএ জোট দখল করেছে ১৮টি আসন। এর মধ্যে রঙ্গস্বামীর দল এআইএনআরসি (AINRC) একাই জিতেছে ১২টি আসনে। জোটসঙ্গী বিজেপি জিতেছে ৪টি আসনে। এছাড়া ৩ জন নির্দল বিধায়ক এনডিএ-কে সমর্থন জানানোয় অনায়াসেই ম্যাজিক ফিগার পার করে ফেলেছে গেরুয়া শিবির ও রঙ্গস্বামীর জোট। জয় নিশ্চিত হতেই নিয়ম মেনে গতকাল ইস্তফা দিয়েছিলেন রঙ্গস্বামী, আর আজই এল তাঁর মুখ্যমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা।
দক্ষিণের রাজনীতিতে এন রঙ্গস্বামী এক বর্ণময় ব্যক্তিত্ব। এককালে কংগ্রেসের হাত ধরে রাজনীতি শুরু করে ২০০১ এবং ২০০৮ সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। পরে কংগ্রেস ত্যাগ করে ২০১১ সালে নিজের দল এআইএনআরসি গঠন করেন এবং বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন। ২০২১ সালে এনডিএ জোটের সঙ্গে হাত মিলিয়ে ফের ক্ষমতায় ফেরেন। ২০২৬-এর এই জয় তাঁর রাজনৈতিক জীবনের মুকুটে যোগ করল আরও একটি পালক।
রঙ্গস্বামীর মন্ত্রিসভার দীর্ঘদিনের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির এ নমশিবায় এবার পাচ্ছেন বড় দায়িত্ব। এনডিএ-র পক্ষ থেকে তাঁকে উপমুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রঙ্গস্বামীর অভিজ্ঞতার সঙ্গে বিজেপির সাংগঠনিক শক্তির মেলবন্ধন ঘটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুব শীঘ্রই রাজভবনে এক রাজকীয় অনুষ্ঠানে পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। তাঁর নেতৃত্বে নতুন এই সরকার পুদুচেরির উন্নয়নে নতুন কী কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন