দুবাই: শান্ত সমুদ্রই এখন অগ্নিগর্ভ রণক্ষেত্র! আমেরিকা ও ইরানের দ্বৈরথে উত্তপ্ত হরমুজ প্রণালীতে ফের আক্রান্ত হল একটি ভারতীয় ট্রলার। গত শুক্রবার জলসীমায় যাতায়াতের সময় কাঠের ওই ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় গুজরাটের এক বাসিন্দার মৃত্যু হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়েছেন চারজন নাবিক। সব মিলিয়ে ট্রলারে থাকা ১৮ জনের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সূত্রের খবর, গত শুক্রবার হরমুজ প্রণালীর কৌশলগত জলসীমা দিয়ে যাওয়ার সময় হঠাৎই আগুন ধরে যায় ভারতীয় ট্রলারটিতে। কাঠের কাঠামো হওয়ায় মুহূর্তের মধ্যে লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা ট্রলারটিকে। আগুনের তীব্রতায় ট্রলারটি মাঝসমুদ্রেই উলটে যায়।
নিকটবর্তী এলাকা দিয়ে যাওয়া অন্য একটি জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু না করলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত। বর্তমানে আহত চার নাবিক দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন ধরেই ইরান ও আমেরিকার সংঘাতের কেন্দ্রবিন্দু এই হরমুজ প্রণালী। যদিও গত ৭ এপ্রিল দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা হয়েছিল, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বিগত কয়েক দিনে এই জলপথে একাধিকবার গোলাগুলি চলেছে। ইরান দাবি করেছে, তারা মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে আমেরিকা দাবি করেছে, তারা বেশ কিছু ইরানি নৌকা ধ্বংস করেছে। এই যুদ্ধকালীন পরিস্থিতির মাঝেই ভারতীয় ট্রলারে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি কি নিছকই দুর্ঘটনা, নাকি যুদ্ধের কোনও ‘ক্রসফায়ার’-এর বলি হল ভারতীয় ট্রলারটি? তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পরই নড়েচড়ে বসেছে দুবাইয়ের ভারতীয় দূতাবাস। শুক্রবার রাতেই উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে যোগাযোগ করেছেন আধিকারিকরা। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ট্রলারের মালিকের সঙ্গেও সমন্বয় রক্ষা করা হচ্ছে। স্বজন হারানো শোকাতুর পরিবারকে সব ধরনের প্রশাসনিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন