কলকাতা: নবান্নে বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক শেষ হতেই দ্বিতীয় বৈঠকের দিনক্ষণ ও আলোচ্যসূচি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার প্রথম বৈঠকে আয়ুষ্মান ভারত-সহ মোট ছয়টি বিযে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার পর মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, আগামী সোমবার ফের বসছে মন্ত্রিসভা। আর, সেই বৈঠকেই রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে আসতে চলেছে বড় ঘোষণা।
দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে আইনি লড়াই চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই তাঁদের প্রত্যাশার পারদ চড়ছিল। সেই জল্পনায় সিলমোহর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী সোমবারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে ডিএ এবং সপ্তম পে কমিশন গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর ফলে সরকারি কর্মী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিন ক্যাবিনেট শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন পাঁচ মন্ত্রী — দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া এবং নিশীথ প্রামাণিক। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকার গঠনের পর খুব বেশি সময় পাওয়া যায়নি। তাই, যে ফাইল ও কাগজগুলি দ্রুত প্রস্তুত করা সম্ভব হয়েছে, সেগুলি নিয়েই প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে যে তাঁর সরকার বদ্ধপরিকর, তা এদিন ফের মনে করিয়ে দেন তিনি।
আগামী সোমবারের বৈঠকে কেবল সরকারি কর্মীদের সুবিধাই নয়, বরং রাজ্যের আইনশৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরাতেও বড় পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আর জি কর-সহ রাজ্যের সমস্ত নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে কঠোরতম সিদ্ধান্ত নেওয়া হবে। পূর্বতন সরকারের আমলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে বিশেষ আইনি প্রক্রিয়ার রূপরেখা তৈরি হবে ওই দিন।
রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার স্বপ্ন কি তবে আগামী সোমবারই সত্যি হতে চলেছে? নবান্নের দ্বিতীয় বৈঠকের দিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন