পশ্চিমবঙ্গের মসনদে বসেই বড় চাল দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অনুমোদনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। আর এই এক সিদ্ধান্তেই কার্যত তোলপাড় শুরু হয়েছে ওপার বাংলায়।
ঢাকা সূত্রে খবর, ভারতের এই তৎপরতায় অনুপ্রবেশ ও ‘পুশব্যাক’ আতঙ্কে সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-কে হাই-অ্যালার্টে রেখেছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। দীর্ঘ কয়েক বছর ধরে জমি জটিলতায় ভারত-বাংলাদেশ সীমান্তের যে অংশগুলো উন্মুক্ত পড়ে ছিল, শুভেন্দু সরকারের নির্দেশে আগামী ৪৫ দিনের মধ্যেই বিএসএফ-এর হাতে সেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
নয়া সরকারের এই কড়া অবস্থানে রীতিমতো উদ্বিগ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসন। সে দেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা হুমায়ুন কবীর জানিয়েছেন, তাঁরা ভারতের এই প্রশাসনিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
ঢাকার আশঙ্কা, কাঁটাতারের কাজ সম্পন্ন হলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জোরদার করবে ভারত। নির্বাচনের আগে অনুপ্রবেশ ইস্যুতে যে কড়া সুর বিজেপি বেঁধে দিয়েছিল, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী সেই পথেই হাঁটছেন বলে মনে করছে কূটনৈতিক মহল। অসমের পর এবার বাংলার এই ‘জিরো টলারেন্স’ নীতি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন