ঢাকা: দীর্ঘ টালবাহানা আর কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে বরফ গলতে শুরু করেছে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা যে তৎকালীন বোর্ড কর্তাদের এক চরম ভুল সিদ্ধান্ত ছিল, তা কার্যত স্বীকার করে নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) বর্তমান প্রধান তামিম ইকবাল। একইসঙ্গে, ভারতীয় ক্রিকেট দলকে পদ্মা পাড়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য খোলাখুলি আমন্ত্রণ জানালেন তিনি।
তৎকালীন মহম্মদ ইউনুস সরকারের ‘ভারতবিদ্বেষী’ নীতি এবং বোর্ড কর্মকর্তাদের জেদের কারণে আইসিসির আবেদন সত্ত্বেও বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ। এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তামিম ইকবাল জানান, আইসিসি সুর নরম করলেও আলোচনা না করেই টুর্নামেন্ট ছেড়ে দেওয়া হয়েছিল। এতে অনেক ক্রিকেটারের কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার জেরে বর্তমান তারেক রহমান সরকার একটি তদন্ত কমিটিও গঠন করেছে। তৎকালীন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল বা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকাও এখন আতসকাচের নীচে।
বিসিসিআই ইতিমধ্যে দু’বার বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছে। যার নেপথ্যে ছিল নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। তবে, তামিম ইকবাল আশ্বস্ত করে বলেছেন, “বাংলাদেশে বর্তমানে নিরাপত্তার কোনও ঘাটতি নেই। ভারতীয় দল এখানে এলে স্টেডিয়াম কানায় কানায় ভরে ওঠে। এদেশের মানুষ লড়াই দেখতে ভালোবাসে।” তিনি আরও জানান, বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে এবং দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধারে একটি সিরিজ খেলা এখন অত্যন্ত জরুরি।
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে দুই বোর্ডের মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে আগ্রহী বর্তমান প্রশাসন। শুধু ক্রিকেট নয়, সামগ্রিকভাবেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে নতুন সরকার। তামিমের এই পদক্ষেপ ময়দানে নতুন করে আশার আলো দেখাচ্ছে। এখন দেখার, বিসিসিআই এই আমন্ত্রণে সাড়া দিয়ে ‘টিম ইন্ডিয়া’কে বাংলাদেশে পাঠায় কিনা!

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন