জয়পুর: ২০২৬ সালের নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ। রাজ্যের সীকর জেলা থেকে ১৫ জনকে পাকড়াও করা হয়েছে এবং জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে ঘটনার মূল অভিযুক্ত মণীশকে। এই দুর্নীতির জেরে পরীক্ষা হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ইতিমধ্যেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (SOG) জানিয়েছে, পরীক্ষার আগে থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রাজস্থানের সীকর জেলা থেকেই এই প্রশ্ন প্রথম ফাঁস করা হয়। জয়পুর থেকে ধৃত মণীশকে এই পুরো চক্রের মাস্টারমাইন্ড হিসাবে সন্দেহ করা হচ্ছে। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।
তদন্তকারীরা এই ঘটনার সঙ্গে ২০২৪ সালের নিট-পিজি প্রশ্নফাঁসের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। সেই সময় ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি স্কুল থেকে সিন্দুক খুলে প্রশ্ন চুরির অভিযোগ উঠেছিল এবং সিবিআই সেই ঘটনায় স্কুলের অধ্যক্ষ-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। সেই চক্রের কোনও যোগসূত্র বর্তমান ঘটনার সঙ্গে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বারবার জাতীয়স্তরের পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন পরীক্ষার্থীরা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবক ও পড়ুয়ারা। শিক্ষা মন্ত্রক পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে।
আপাতত রাজস্থান পুলিশের এসওজি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সমন্বয় রেখে এই বিশাল দুর্নীতির জাল ছেঁড়ার কাজ চালাচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন