কলকাতা: বঙ্গ ক্রিকেটের অন্দরমহলে এখন বিতর্কের তুফান। সিএবির আম্পায়ার নিয়োগ থেকে শুরু করে টুর্নামেন্ট নীতি — একের পর এক প্রশ্নে জেরবার ময়দানের অভিভাবক সংস্থা। দ্বিতীয় ডিভিশন লিগের ফাইনালে আম্পায়ারিং বিভ্রাট যেমন চরমে উঠেছে, তেমনই অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে ‘দ্বিমুখী’ নিয়ম নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে ক্লাবগুলি। বাদ যায়নি বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের নিলামও।
দ্বিতীয় ডিভিশন লিগ চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে বিএনআর-এর কাছে চার উইকেটে হেরেছে জর্জ টেলিগ্রাফ। কিন্তু, এই হার ছাপিয়ে বড় হয়ে উঠেছে আম্পায়ার প্রদীপ ঘোষের কিছু বিতর্কিত সিদ্ধান্ত। অভিযোগ, জর্জের দু’জন ‘সেট’ ব্যাটারের ব্যাটে বল লাগা (ইনসাইড এজ) সত্ত্বেও তাঁদের এলবিডব্লিউ দেওয়া হয়েছে। সিএবির অন্দরেই প্রশ্ন উঠছে, রাহুল রায়ের মতো বোর্ড আম্পায়ার হাতে থাকা সত্ত্বেও কেন ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে দায়িত্ব দেওয়া হল না?
অনূর্ধ্ব-১৮ ক্লাব টুর্নামেন্ট ঘিরেও তৈরি হয়েছে চরম বৈষম্যের অভিযোগ। গত ১ মে বৃষ্টির কারণে ময়দানের তিনটি প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ ভেস্তে যায়। সেখানে পিচ কভার না থাকায় স্রেফ টসের মাধ্যমে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। কিন্তু, আশ্চর্যজনকভাবে বারাসতের মাঠে পিচ কভার ছিল এবং পরদিন অর্থাৎ ২ মে-র বাকি ম্যাচগুলির দিন পরিবর্তন করে খেলার সুযোগ করে দেওয়া হয়। ফলে স্পোর্টিং ইউনিয়নের মতো ঐতিহ্যশালী ক্লাবকে স্রেফ টসে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। এই ‘অবিচার’ নিয়ে ইতিমধ্যেই সিএবি-তে প্রতিবাদী চিঠি জমা পড়েছে।
বিতর্কের তালিকায় নবতম সংযোজন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের নিলাম। লোধা কমিটির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সিএবির অ্যাপেক্স কাউন্সিল সদস্য সুরজিৎ লাহিড়ীকে এক ফ্র্যাঞ্চাইজির টেবিলে বসে থাকতে দেখা যায়। যা স্পষ্টত স্বার্থের সংঘাত (Conflict of Interest) বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও বিতর্কের মুখে দ্বিতীয় দিনে তাঁকে আর সেই টেবিলে দেখা যায়নি।
সব মিলিয়ে সিএবির প্রশাসনিক স্বচ্ছতা এখন বড়সড় প্রশ্নের মুখে। ময়দানের ক্লাবগুলির ক্ষোভ প্রশমনে সিএবি কর্তারা কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার।
বিষয় : cabnews maidancricket bengalcricket

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন