মুম্বই: কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট আর ঐশ্বর্য রাই বচ্চন — গত দুই দশক ধরে এই দুই নাম ছিল একে অপরের সমার্থক! কিন্তু, ২০২৬ সালের কান উৎসবে ধরা পড়ল এক অন্য দৃশ্য। যে গালিচায় রাজত্ব করতেন রাই সুন্দরী, সেখানে এবার দেখা মিলল আলিয়া ভাটের! আর, দীর্ঘ দুই দশকের এই ঐতিহ্যে ছেদ পড়তেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ক্ষুব্ধ অনুরাগীদের প্রশ্ন — কেন ব্রাত্য রাখা হল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাক্তন বিশ্বসুন্দরীকে?
বিতর্কের সূত্রপাত কান-এর বিখ্যাত ‘হোটেল মার্টিনেজ’-এ সংশ্লিষ্ট নামী প্রসাধনী ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের পোস্টারকে কেন্দ্র করে। যেখানে ইভা লঙ্গোরিয়া বা হেলেন মিরেনদের পাশে জ্বলজ্বল করছে আলিয়া ভাটের মুখ! অথচ, সেখানে কোথাও নেই ঐশ্বর্য। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে এই ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ হিসাবে প্রতি বছর ফ্রেঞ্চ রিভেরা কাঁপিয়েছেন ঐশ্বর্য। এবার সেই জায়গাতেই আলিয়ার অভিষেক হওয়ায় রীতিমতো অগ্নিশর্মা ঐশ্বর্যভক্তরা।
কানে পা রাখতেই কড়া সমালোচনার মুখে পড়েছেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, “ঐশ্বর্যর কাজটাও কেড়ে নিলেন?” আবার কারও কটাক্ষ, “ঐশ্বর্য রাই বচ্চনের মতো বিশ্বব্যক্তিত্বের পরিবর্তে আলিয়াকে মেনে নেওয়া অসম্ভব।” অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, ২০২৫ সালে এই ব্র্যান্ডের দূত হওয়ার পর থেকেই কি ঐশ্বর্যকে সরিয়ে দেওয়ার নীল নকশা তৈরি হয়েছিল?
মেট গালার রেড কার্পেটে একবার আলিয়াকে ‘ঐশ্বর্য’ বলে ডেকেছিলেন পশ্চিমী পাপারাৎজিরা, যা নিয়ে তখন বেশ জলঘোলা হয়েছিল। এবার আক্ষরিক অর্থেই ঐশ্বর্যর জায়গা নেওয়ায় আলিয়ার কান সফর শুরু হল প্রবল বিতর্কের মধ্যে দিয়ে। দুই প্রজন্মের দুই নায়িকার এই অদৃশ্য রেষারেষি এখন বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত বিষয়।
এখন দেখার, এই প্রবল জনরোষের মুখে আলিয়া বা সংশ্লিষ্ট প্রসাধনী ব্র্যান্ডের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসে কিনা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন