কলকাতা: রাজ্যে ক্ষমতা বদলের পর ক্রীড়াঙ্গনেও বইছে পরিবর্তনের হাওয়া। সোমবারই নয়া ক্রীড়ামন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন নিশীথ প্রামাণিক। আর দায়িত্ব নেওয়ার চারদিনের মাথায় বৃহস্পতিবার তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বললেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের দাবি, সৌজন্য বিনিময়ের পাশাপাশি বঙ্গ ক্রিকেটের ভোলবদল এবং পরিকাঠামো উন্নয়ন নিয়েই মূলত আলোচনা হয়েছে দু’জনের।
আগামী ১৬ মে ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে নাইটদের কাছে এই ম্যাচটি কার্যত মরণ-বাঁচন লড়াই। সূত্রের খবর, ফোনে আলোচনার সময় এই হাড্ডাহাড্ডি ম্যাচ গ্যালারিতে বসে দেখার জন্য ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এদিন সিএবির পক্ষ থেকেও নতুন ক্রীড়ামন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস ব্যক্তিগতভাবে নিশীথের সঙ্গে সাক্ষাৎ করেন। ক্রীড়ামন্ত্রীও বাংলা ক্রিকেটের স্বার্থে খুব শীঘ্রই সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন। উল্লেখ্য, এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দেবব্রত সরকারও নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা করে তাঁকে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান।
দায়িত্ব নেওয়ার পরই নিশীথ প্রামাণিক স্পষ্ট জানিয়েছেন, তাঁর প্রধান লক্ষ্য হল বাংলার ক্রীড়াক্ষেত্রকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করা। তিনি বলেন, “স্পোর্টস কমিটিগুলিতে এত দিন যে পরিবারতন্ত্রের ছায়া ছিল, তা থেকে সেগুলিকে মুক্তি দিতে হবে। রাজ্যে প্রচুর প্রতিভা রয়েছে। তাঁদের সঠিক প্ল্যাটফর্ম ও পরিকাঠামো দেওয়াই আমাদের লক্ষ্য। কেন্দ্র ও রাজ্য হাতে হাত মিলিয়ে দ্রুততার সঙ্গে কাজ করবে।”
এখন দেখার, সৌরভের আমন্ত্রণে সাড়া দিয়ে ১৬ মে ইডেনের ভিআইপি বক্সে নিশীথ প্রামাণিককে দেখা যায় কিনা এবং তাঁর হাত ধরে বাংলার ক্রীড়া পরিকাঠামোয় কতটা বদল আসে!
বিষয় : nishithpramanik souravganguly cab kkrvsgt

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন