কলকাতা: অনেক বিতর্ক, অনেক জলঘোলা। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগতে ফিরলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। টলিউডে ক্ষমতার পালাবদল আর প্রশাসনিক রদবদলের আবহে শুটিং ফ্লোরে পা রাখল দেবের বহুচর্চিত ছবি ‘দেশু ৭’। পরিচালক ও অভিনেতা দেব নিজেই সমাজমাধ্যমে শুটিং শুরুর সেই বিশেষ মুহূর্ত শেয়ার করে নিয়েছেন।
বিগত কয়েক মাস ধরে টলিউডের অন্দরে অনির্বাণ ভট্টাচার্যের কাজ পাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, দেবের হাত ধরে তার অবসান ঘটল। এর আগে আনন্দবাজার ডট কম-কে দেওয়া সাক্ষাৎকারে দেব স্পষ্ট জানিয়েছিলেন, “হ্যাঁ, ব্যান উঠল। এক জন নয়, সকলের ওপর থেকেই উঠল।” দেবের সাফ কথা ছিল, তিনি নিজের টাকায় কাজ করছেন এবং ছবির প্রয়োজনে অনির্বাণকেই তাঁর সেরা মনে হয়েছে। কারও ক্ষমতা প্রদর্শনের জন্য নয়, বরং টেকনিশিয়ানদের রুজিরুটির কথা ভেবেই কাজ শুরু করার পক্ষে সওয়াল করেছিলেন এই সুপারস্টার।
শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, চারদিকে কলাকুশলীদের ভিড়। ফ্রেম সেটিং আর আলোর কারসাজিতে ব্যস্ত সবাই। তার মাঝেই দেব এবং অনির্বাণ পাশাপাশি দাঁড়িয়ে গভীর মগ্ন হয়ে ফোনে কিছু দেখছেন। অনেকদিন পর প্রিয় অভিনেতা অনির্বাণকে মেকআপ ভ্যান ছেড়ে ফ্লোরে ফিরতে দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। ছবিতে দেবের অভিনয়ের পাশাপাশি পরিচালনার নেপথ্যে রুক্মিণী মৈত্রর বিশেষ উৎসাহ রয়েছে বলেও জানা গিয়েছে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টলিউডের প্রশাসনিকস্তরেও ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন দায়িত্ব সামলাচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়রা। এই নতুন পরিবেশে ‘দেশু ৭’-এর যাত্রা শুরু হওয়াকে টলিউডের এক নতুন অধ্যায় হিসাবে দেখছেন চলচ্চিত্রপ্রেমীরা। দেবের ভাষায়, “কেউ কাজ আটকাতে চাইলে ক্ষতি টেকনিশিয়ানদেরই হবে।” সেই নেতিবাচক সংস্কৃতি ঝেড়ে ফেলে এবার ইতিবাচক কাজের দিকেই নজর টলিপাড়ার।
এখন দেখার, দেবের পরিচালনায় আর অনির্বাণের অভিনয়ের রসায়ন ‘দেশু ৭’-কে সাফল্যের কোন শিখরে পৌঁছে দেয়।
বিষয় : DEV anirbanbhattacharya deshu

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন