বাগুইআটি: দীর্ঘদিনের দৌরাত্ম্য আর দাপটের অবসান ঘটিয়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বাগুইআটির প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু। শুক্রবার তাঁকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। প্রোমোটারকে মারধর থেকে শুরু করে আকাশছোঁয়া তোলাবাজি — একগুচ্ছ গুরুতর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। স্থানীয়দের দাবি, রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পরই ‘ধরাছোঁয়ার বাইরে থাকা’ এই নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করল প্রশাসন।
বিধাননগর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। পুলিশ সূত্রে খবর, প্রায় দু-বছর আগে এক প্রোমোটারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন তিনি। টাকা না দেওয়ায় ওই প্রোমোটারকে মারধরের অভিযোগ ওঠে চিন্টুর বিরুদ্ধে। সেই সময় মামলা দায়ের হলেও বেশ কিছুদিন ফেরার ছিলেন তিনি। পরে পুলিশের চোখে ধুলো দিয়ে আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন নিয়েছিলেন। অভিযোগ ছিল, আগের সরকারের আমলে প্রভাব খাটিয়ে তিনি বারবার রেহাই পেয়ে যেতেন।
সম্প্রতি সমরেশের বিরুদ্ধে নতুন করে তোলাবাজি ও স্থানীয়দের ভয় দেখানোর একাধিক অভিযোগ জমা পড়ে বাগুইআটি থানায়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। শুক্রবার তাঁর বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, প্রোমোটার মারধরের যে মামলাটি আগে ধামাচাপা পড়ে গিয়েছিল, সরকারের পরিবর্তনের পর সেই মামলাটিও নতুন করে চালু করা হয়েছে। পুরনো ও নতুন — সব অভিযোগই এবার যুক্ত করা হয়েছে সমরেশের চার্জশিটে।
সমরেশ ওরফে চিন্টুর গ্রেফতারিতে বাগুইআটি ও সংলগ্ন এলাকায় কার্যত খুশির আমেজ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বাগুইআটি চত্বরে প্রোমোটিং থেকে শুরু করে যেকোনও নির্মাণকাজে এই কাউন্সিলরকে নির্দিষ্ট হারে ‘তোলা’ না দিলে কাজ করা অসম্ভব ছিল! যাঁরা প্রতিবাদ করার চেষ্টা করতেন, তাঁদের উপর নেমে আসত শারীরিক ও মানসিক হেনস্থা।
প্রশাসনের এই কড়া পদক্ষেপেই স্পষ্ট যে - অপরাধের সাথে আপস করতে রাজি নয় বর্তমান সরকার। সমরেশ চক্রবর্তীর এই গ্রেফতারি কি বিধাননগরের অন্যান্য ‘দাপুটে’ কাউন্সিলরদের জন্য অশনি সঙ্কেত? এখন সেটাই বড় প্রশ্ন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন