লখনউ: নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস-কাণ্ড নিয়ে এমনিতেই দেশজুড়ে তীব্র হুলস্থুল চলছে। একের পর এক গ্রেফতারির ঘটনায় যখন তোলপাড় শিক্ষামহল, ঠিক তখনই প্রকাশ্যে এল এক অত্যন্ত চাঞ্চল্যকর ও বিস্ফোরক ঘটনা। নিটের প্রশ্ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক পরীক্ষার্থী ছাত্রীকে নিজের বাড়িতে ডাকার এবং কুপ্রস্তাব ও হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হল লখনউ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে। ধৃত শিক্ষকের নাম পরমজিৎ সিং।
অভিযুক্ত অধ্যাপক ও ওই ছাত্রীর মধ্যে একটি অডিয়ো রেকর্ড ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে, যা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। যদিও ভাইরাল হওয়া সেই অডিয়ো রেকর্ডের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী নিজে একজন নিট পরীক্ষার্থী। তাঁর অভিযোগ, নিট পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়ার নাম করে ওই অধ্যাপক তাঁকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত ও হেনস্থা করছিলেন। ছাত্রীর জমা দেওয়া সেই অডিয়ো রেকর্ডের কথোপকথন ছিল ঠিক এইরকম:
শিক্ষক: বাড়িতে এসে এক বার দেখা করতে পারবে?
ছাত্রী: কেন স্যর?
শিক্ষক: তোমার জন্য নিটের দুটো প্রশ্নপত্র জোগাড় করে রেখেছি, ডার্লিং! কখন আসতে পারবে?
ছাত্রী: স্যার, আমি পুরো সিলেবাস শেষ করে ফেলেছি। আরও কিছু বিষয় ঝালিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। সেগুলিই করছি। তবে, আমি আসার চেষ্টা করব।
শিক্ষক: চেষ্টা নয়, পরীক্ষার আগেই এস কিন্তু। অবশ্যই সাতদিনের মধ্যে।
ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে এবং নিটের প্রশ্নপত্রের প্রসঙ্গ জড়িয়ে থাকায় পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ করে অভিযুক্ত অধ্যাপক পরমজিৎ সিংকে গ্রেফতার করেছে। তবে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই অধ্যাপক। তাঁর পাল্টা দাবি, তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নোংরা রাজনীতির শিকার এবং তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।
অন্যদিকে, এই ন্যক্কারজনক ঘটনা সামনে আসার পরই লখনউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেপি সৈনি গোটা বিষয়টির একটি অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি এ ধরনের কোনও ঘটনা ঘটে থাকে যা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে, তবে অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনি ও প্রশাসনিক পদক্ষেপ করা হবে। এই ধরনের কোনও আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
উল্লেখ্য, গত ৩ মে দেশজুড়ে নিট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু, এর মাত্র কয়েকদিন পরেই, অর্থাৎ ৭ মে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে এবং দেশব্যাপী তীব্র প্রতিবাদের মুখে ১২ মে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পুণের এক অধ্যাপকের পর এবার লখনউয়ের এই ঘটনা নিট কেলেঙ্কারির গভীরতাকে আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন