সুরাট: বলিউডের ঠোঁটকাটা ও বিতর্কিত পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও খবরের শিরোনামে, তবে এবার কোনও নতুন সিনেমার জন্য নয়, একেবারে গুরুতর আইনি মারপ্যাঁচে জড়িয়ে। সমাজমাধ্যমে ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে এক চরম আপত্তিকর মন্তব্য করার মাসুল এবার হাতেনাতে গুনতে হচ্ছে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত এই পরিচালককে। বারবার সমন পাঠানোর পরেও আদালতে হাজিরা না দেওয়ায়, এবার তাঁর বিরুদ্ধে সরাসরি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (Non-Bailable Warrant) জারি করল গুজরাটের সুরাট আদালত।
বিতর্কের সূত্রপাত গত বছর, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসে। মহারাষ্ট্রে মহাত্মা জ্যোতিরাও ফুলের জীবনীচিত্র ‘ফুলে’ ছবির টিজার মুক্তির পর থেকেই ‘অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ’ সহ বেশ কিছু গোষ্ঠী ছবিটির তীব্র বিরোধিতা শুরু করেছিল। সেই সময় প্রতিবাদীদের একহাত নিয়ে সমাজমাধ্যমে একটি লম্বা পোস্ট দিয়েছিলেন অনুরাগ। ঝামেলা বাড়ে সেই পোস্টেরই কমেন্ট বক্সে, যেখানে এক নেটিজেনের কটাক্ষের জবাবে মেজাজ হারিয়ে অনুরাগ কাশ্যপ লিখে বসেন এক চরম বিতর্কিত মন্তব্য। তীব্র ক্ষোভের মুখে পড়ে পরে অবশ্য তিনি ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট করেন এবং জানান যে রাগের মাথায় গোটা সম্প্রদায়কে আঘাত করে ফেলেছেন, কিন্তু জল ততক্ষণে অনেক দূর গড়িয়ে গিয়েছে।
অনুরাগের এই মন্তব্যের বিরুদ্ধে সুরাটের বাসিন্দা তথা বিশ্ব হিন্দু পরিষদের নেতা ও আইনজীবী কমলেশ রাভাল আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, অনুরাগের এই মন্তব্য সমাজে জাতিগত বিদ্বেষ ও অশান্তি ছড়ানোর জন্য যথেষ্ট। নথিপত্র ও প্রমাণ খতিয়ে দেখে সুরাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্পষ্ট জানায়, এই ধরনের মন্তব্য সমাজে শান্তি নষ্ট করতে পারে। এর পরেই ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১৯৬, ৩৫২ এবং ৩৫৩(২) ধারায় মামলা রুজু করার নির্দেশ দেয় আদালত। বারবার সমন পাঠানো সত্ত্বেও অনুরাগ দেখা না করায়, এবার তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হল। একই ঘটনায় এর আগে মহারাষ্ট্রেও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল, তবে সুরাট আদালতের এই জামিনঅযোগ্য পরোয়ানা বলিউড পরিচালকের আইনি অস্বস্তি যে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।
বিষয় : bollyupdate anuragkashyap suratcourt

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন