শিলিগুড়ি: দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। ক্ষমতার মসনদে বসেই সীমান্ত সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই পথেই চিনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে উত্তরবঙ্গের অত্যন্ত সংবেদনশীল ও স্ট্র্যাটেজিক এলাকা ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি সরাসরি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আন্তর্জাতিক ভূ-রাজনীতি এবং দেশের অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে শুভেন্দু সরকারের এই পদক্ষেপকে এক বিরাট ‘মাস্টারস্ট্রোক’ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করতে মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর (BSF) হাতে জমি হস্তান্তরের যে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
ভৌগোলিক অবস্থানের দিক থেকে শিলিগুড়ি করিডোর বা এই ‘চিকেনস নেক’ ভারতের অন্যতম প্রধান দুর্বলতা ও স্পর্শকাতর অঞ্চল। এই এলাকাকে ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চিন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেশকে দুর্বল করার জন্য দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ও বিদেশি শক্তির নজরে রয়েছে এই করিডোর।
তিনটি দেশের সীমান্ত এক জায়গায় মিশে যাওয়ায় এই রুটকে ব্যবহার করে ভারতে অস্ত্রশস্ত্র, মাদক এবং জাল নোট পাচার করার ছক কষে জঙ্গিরা। শুধু তাই নয়, চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) এবং বাংলাদেশের একাংশের নজর রয়েছে এই সংকীর্ণ ভূখণ্ডের ওপর। সম্প্রতি বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই চিকেনস নেকের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তৎকালীন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেছিলেন যে, দেশের ‘টুকরে টুকরে গ্যাং’ চিকেনস নেক ভাঙার যে ভয়ঙ্কর ছক কষছে, তাকে প্রশ্রয় দিচ্ছে রাজ্যের শাসকদল। সে সময়ই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় আসলেই এই করিডোরের সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যে ক্ষমতার পটপরিবর্তনের পরেই সেই প্রতিশ্রুতিপূরণে একধাপ এগিয়ে এই বিপুল পরিমাণ জমি কেন্দ্রের হাতে তুলে দিয়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্ভেদ্য করে তুলল রাজ্য সরকার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন