কলকাতা: ক্ষমতায় আসার ঠিক ১০ দিনের মাথায় এক ঐতিহাসিক তথা চরম বিতর্কিত সিদ্ধান্ত নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। বাংলায় ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সংরক্ষণের গোটা কাঠামোয় কার্যত বড়সড় বদল এনে এক ধাক্কায় কোটা ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। এর ফলে বিগত তৃণমূল সরকারের আমলের ওবিসি সংরক্ষণ নীতি পুরোপুরি বাতিল হয়ে গেল। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের জন্য চালু থাকা ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণ বাতিলের ঘোষণা করেছে নবান্ন। সরকারের দাবি, সংবিধানের মূল কাঠামো এবং সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নতুন এই নিয়ম অত্যন্ত দ্রুত কার্যকর হতে চলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
স্মরণ করা যেতে পারে, তৃণমূল জমানায় ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল, যার সুবিধা পাচ্ছিলেন বহু মুসলিম গোষ্ঠী। এই তালিকা সম্প্রসারণের বিরুদ্ধে ভোটব্যাঙ্ক রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি, এবং জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। ২০১০ সালের পর জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টও। এবার আইনি জটিলতা কাটাতে এবং কলকাতা হাইকোর্টের আগের রায়কে হাতিয়ার করে এক ঝটকায় ২০১০ সালের আগের অবস্থানে ফিরে গেল রাজ্য সরকার। মন্ত্রিসভার স্পষ্ট বক্তব্য, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও সাংবিধানিক বৈধতা ভারতে নেই। প্রকৃত অনগ্রসর হিন্দু সম্প্রদায় যাতে সঠিক সুযোগ পান, সেই লক্ষ্যেই ওবিসি ‘এ’ এবং ওবিসি ‘বি’ বিভাজন তুলে দিয়ে শুধুমাত্র তফশিলি জাতি (SC) ও তফশিলি উপজাতির (ST) বাইরে থাকা নির্দিষ্ট অনগ্রসর হিন্দু গোষ্ঠীগুলির জন্য এই ৭ শতাংশ কোটা নির্দিষ্ট করা হলো। সরকারের এই মেগা সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে যে তোলপাড় শুরু হতে চলেছে, তা বলাই বাহুল্য।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন