শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ, বুধবার প্রথমবার উত্তরবঙ্গের পুণ্যভূমিতে পা রাখলেন শুভেন্দু অধিকারী। আর বাগডোগরা বিমানবন্দরে পা দিয়েই চিরতরে বদলে দিলেন উত্তরকন্যাকে ঘিরে প্রশাসনিক চেনা ছক। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে দু’পাশে নিয়ে হাতজোড় করে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, “এবার থেকে প্রতি মাসে খোদ মুখ্যমন্ত্রী ও তাঁর পুরো মন্ত্রিসভা উত্তরবঙ্গে আসবে।
আমরা এখানে কেউ ঘুরতে নয়, মানুষের জন্য কাজ করতে আসব।” সেই সাথে ২০০৯ সাল থেকে যেভাবে উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে দু’হাত উজাড় করে ভরসা জুগিয়েছেন, তার কথা স্মরণ করে শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সংকল্পপত্রে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করে এবার উত্তরবঙ্গের সেই ঋণ সশ্রদ্ধে শোধ করবে তাঁর সরকার।
মুখ্যমন্ত্রীর এই প্রথম সফরকে কেন্দ্র করে আজ সকাল থেকেই শিলিগুড়ি জুড়ে ছিল উৎসবের মেজাজ। বিমানবন্দর থেকে জেলা পার্টি অফিসে যাওয়ার পথে আমজনতার ভিড়ে বারবার থমকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। স্বতঃস্ফূর্ত জনজোয়ার দেখে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন শুভেন্দু, এমনকি এক খুদেকেও কোলে তুলে নেন তিনি। দলীয় কার্যালয়ে সংগঠনের কাজের বার্তা দেওয়ার পর, উত্তরকন্যায় পাঁচ জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে এক হাইপ্রোফাইল প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সামনেই বর্ষা, তাই বন্যা, হড়পা বান ও ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার পাশাপাশি চা বাগানের তীব্র সমস্যা এবং জমি ও বালি-পাথর মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া ‘জিরো টলারেন্স’ নীতির কথা মনে করিয়ে দেন তিনি।
তবে উত্তরবঙ্গের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আজ সবথেকে বড় ঘোষণাটি করা হয়েছে উত্তরকন্যাকে ঘিরে। মুখ্যমন্ত্রী জানান, উত্তরকন্যাকে এবার থেকে আর নামকাওয়াস্তে ফেলে রাখা হবে না, বরং একে পুরোমাত্রায় সচল করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নির্দিষ্ট একদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত খোদ উত্তরকন্যায় বসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনবেন। এরপর ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে কাজের খতিয়ান ও আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেক সাংসদ ও বিধায়কদের সাথে উন্নয়নমূলক কাজের সমন্বয় বৈঠক করবেন মন্ত্রী। উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন পূরণ করতেই যে এই নতুন সরকার বদ্ধপরিকর, প্রথম সফর থেকেই সেই মাস্টারস্ট্রোক দিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন