কলকাতা: ৪ মে রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই দুর্নীতি দমনে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। বিজেপি সরকারের হুঁশিয়ারি মেনে বালিপাচার, গরুপাচার থেকে শুরু করে একাধিক পুরনো মামলার ফাইল নতুন করে খুলতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই তৎপরতার অংশ হিসাবেই এবার বড়সড় ধাক্কা রাজ্যের আমলাতন্ত্রে। বালিপাচার মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের হেভিওয়েট আইএএস অফিসার আনসারি শেখ। বুধবার সাতসকালে একরাশ নথিপত্র হাতে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি। শেষ খবর পাওয়া অনুয়ায়ী, কেন্দ্রীয় আধিকারিকদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ এখনও চলছে।
ইডি সূত্রে খবর, বালিপাচার মামলার তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য অফিসারদের হাতে এসেছে। এই পাচারচক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর পিছনে কোন কোন প্রভাবশালী যোগ রয়েছে, তা জানতেই আইএএস আনসারি শেখকে তলব করা হয়েছিল। তাঁর কাছে বালি খনি এবং রাজস্ব সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দেখতে চেয়েছিলেন কেন্দ্রীয় আধিকারিকেরা। সেই নির্দেশ মেনেই আজ সকালে সমস্ত নথিপত্র সহ সিজিও-তে পৌঁছন তিনি।
আইএএস আনসারি শেখের নাম এর আগেও খবরের শিরোনামে এসেছিল। ভোটের আগে রাজ্যে ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) সময় মালদহের মোথাবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। বিবেচনাধীন তালিকার নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখানো হয়, যার জেরে রাতভর আটকে ছিলেন তাঁরা। পরবর্তীতে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। বর্তমানে সেই স্পর্শকাতর ঘটনার তদন্তভার রয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র হাতে। সূত্রের খবর, মোথাবাড়ির ওই চাঞ্চল্যকর ঘটনার সময় মালদহের প্রশাসনিক দায়িত্বে ছিলেন এই আইএএস আনসারি। আর, এবার বালি পাচার মামলাতেও নাম জড়াল তাঁর।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই দুর্নীতিগ্রস্ত নেতা-আমলাদের মনে কাঁপুনি ধরেছে। বালিপাচার মামলাতেই এর আগে কলকাতার প্রভাবশালী পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসকে তলব করেছিল ইডি। পরবর্তীতে সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় শান্তনুকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। খোদ সোনা পাপ্পুও এখন শ্রীঘরে। তদন্তকারীদের অনুমান, এই পাচারচক্রের জাল অনেক গভীরে ছড়ানো এবং পুলিশকর্তাদের পর এবার আইএএস অফিসারদের ভূমিকা খতিয়ে দেখতেই আনসারি শেখকে তলব করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের জমানায় তদন্তের এই গতিপ্রকৃতি দেখেই স্পষ্ট যে - আগামী দিনে আরও অনেক রাঘববোয়াল ইডির জালে জড়াতে চলেছেন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন