কান্দি: মাত্র তিনবছর আগেও ছিল ভাঙাচোরা, জরাজীর্ণ একটা ইটের বাড়ি। আর, আজ সেখানে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ধবধবে সাদা এক রাজকীয় অট্টালিকা! বাড়ির সিংহদুয়ারে বসানো রয়েছে বিশালাকায় সিংহমূর্তি। সদর দরজা পেরোলেই চোখ ধাঁধানো আভিজাত্য। মুর্শিদাবাদের কান্দির জেমো এলাকায় এই ‘প্রাসাদ’ দেখলেই স্থানীয় বাসিন্দাদের চোখ কপালে ওঠে। অভিযোগ, এই বিলাসবহুল রাজপ্রাসাদের মালিক আর কেউ নন, খোদ কলকাতা পুলিশের ধৃত ডিসি শান্তনু সিংহ বিশ্বাস! যিনি বর্তমানে জমিদখল ও তোলাবাজির মামলায় ইডি হেফাজতে দিন কাটাচ্ছেন।
স্থানীয়দের দাবি, ঝাঁ-চকচকে এই বাড়িটি এখন কান্দির অন্যতম ‘দর্শনীয়’ স্থানে পরিণত হয়েছে। প্রাসাদের অন্দরের রূপকথার মতো সাজসজ্জার বর্ণনা এখন মুখে-মুখে ঘুরছে। জানা গিয়েছে, গোটা বাড়িটির মেঝে মুড়ে দেওয়া হয়েছে মহার্ঘ্য ইতালীয় মার্বেল দিয়ে। সিলিং থেকে ঝুলছে বড় বড় ঝাড়বাতি। বসার ঘরে রয়েছে রাজকীয় মখমলের চেস্টারফিল্ড সোফা সেট। আর, প্রতিটি ঘরের আসবাবে রয়েছে আভিজাত্যের ছোঁয়া — সূক্ষ্ম কারুকাজ করা দামি সেগুন এবং মেহগনি কাঠের আসবাবপত্রে ঠাসা পুরো মহল। মাত্র তিনবছরের ব্যবধানে শান্তনুর পৈতৃক ভিটের এই জাদুকরী রূপবদল আগাগোড়া দেখেছেন প্রতিবেশীরা।
সূত্রের খবর, ডিসি শান্তনু সিংহ বিশ্বাস মাঝেমধ্যে এই পৈতৃক বাড়িতে আসতেন। তবে, এই রাজকীয় প্রাসাদে স্থায়ীভাবে থাকতেন তাঁর বোন তথা কান্দি পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান গৌরী সিংহ বিশ্বাস। কিন্তু, দাদা ইডির হাতে গ্রেফতার হতেই রহস্যজনকভাবে বেপাত্তা গৌরী। বর্তমানে ওই প্রাসাদের বাইরের গেটে বড়সড় তালা ঝুলছে। প্রতিবেশীরা কেউ বলতে পারছেন না ভাইস চেয়ারম্যান এখন কোথায় রয়েছেন। এমনকী, তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও উত্তর মেলেনি।
কান্দির প্রবীণ গৃহশিক্ষক রূপায়ণ মণ্ডল জানান, "তিন-চার বছরের মধ্যে হঠাৎ করেই এই প্রাসাদ গড়ে উঠেছে। কীভাবে এই বাড়ি তৈরি হল, কোথা থেকে এত অর্থ জোগাড় হল — তা নিয়ে সাধারণ মানুষের মনে ধন্দ রয়েই গিয়েছে।"
এই বিপুল সম্পত্তি নিয়ে স্বভাবতই সুর চড়িয়েছে বিজেপি। কান্দির বিজেপি নেত্রী বিনীতা রায়ের সরাসরি অভিযোগ, "নিজের পদের ও ক্ষমতার চরম অপব্যবহার করেছেন শান্তনু সিংহ বিশ্বাস। প্রোমোটারদের থানায় তুলে এনে ভয় দেখানো এবং তোলাবাজির কালো টাকাতেই এই প্রাসাদ তৈরি হয়েছে। কার টাকা কার পকেটে ঢুকেছে, তা নিয়ে ইডির পূর্ণাঙ্গ তদন্ত করা প্রয়োজন।"
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর, শান্তনু সিংহ বিশ্বাসের এই কান্দির প্রাসাদের পাশাপাশি আর কোথায় কোথায় বেনামী সম্পত্তি লুকিয়ে রয়েছে, এখন তারই তালিকা তৈরি করছেন আধিকারিকেরা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন