বীরভূম: বীরভূমের রাজনীতিতে একসময়ে প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায় অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বলেছিলেন, “কী রে কেষ্ট, মাঠ কিনে মেলা করছিস?” মুকুলবাবু আজ বেঁচে থাকলে হয়তো দেখতে পেতেন ‘মাঠ’ নয়, বীরভূমের মাটিতে খোদ এক তৃণমূল নেতা বানিয়ে ফেলেছেন আস্ত এক ‘সোনার স্টেডিয়াম’! দুবরাজপুরঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেস নেতা মহিম শেখের এই চোখধাঁধানো ক্রিকেট স্টেডিয়ামকে ঘিরে এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। একজন সাধারণ মোটরসাইকেল মেকানিক থেকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে কীভাবে মহিমবাবু কয়েক কোটি টাকা খরচ করে এই বিশাল পরিকাঠামো গড়ে তুললেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
বীরভূমের সদাইপুর থানার গুনসিমা গ্রামে তৈরি এই অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামে কী নেই! আধুনিক জিমনেসিয়াম, সুইমিংপুল, ড্রেসিংরুম থেকে শুরু করে খেলোয়াড়দের বিলাসবহুল থাকার ব্যবস্থা ও অনুশীলনের সমস্ত বিশ্বমানের পরিকাঠামো মজুত রয়েছে এখানে। স্থানীয় ক্রীড়া মহলের দাবি, ব্যক্তিগত উদ্যোগে জেলায় এমন রাজকীয় স্পোর্টস কমপ্লেক্স তৈরি হওয়া সত্যিই বিরল। এমনকি এই মাঠেই লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণে সিএবি (CAB)-এর সিনিয়র বেঙ্গল ক্রিকেট দল তাদের প্রি-সিজন প্রস্তুতি শিবির পর্যন্ত করে গিয়েছে। কিন্তু এই স্বপ্নের স্টেডিয়াম তৈরির বিপুল অর্থের উৎস কী? রাজ্যে জমানা বদলাতেই সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের জমানায় ক্ষমতার অপব্যবহার করে মহিম শেখ বেআইনি কয়লা ব্যবসা, তোলাবাজি এবং ঠিকাদারির মাধ্যমে এই বিপুল কালো টাকা কামিয়েছেন। এই মেগা সম্পত্তির উৎস সন্ধান করতে ইতিমধ্যেই তদন্তের দাবি তুলেছে রাজ্যের বর্তমান শাসকদল।
অন্যদিকে, সমস্ত অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা মহিম শেখ। তাঁর দাবি, তিনি অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ এবং নিজের সৎ ব্যবসার উপার্জিত অর্থ জমিয়েই তিল তিল করে এই স্বপ্নের স্টেডিয়াম তৈরি করেছেন। তাঁকে রাজনৈতিকভাবে কোণঠাসা ও বিপাকে ফেলতেই বিরোধী দলগুলি এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে সাফাই দিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডলের গড়ে এই ‘বাইক মেকানিক’ নেতার কয়েক কোটি টাকার স্টেডিয়াম বিতর্ক আগামী দিনে ইডি-সিবিআই বা পুলিশের তদন্তের মুখে পড়ে কি না, এখন সেটাই দেখার।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন