মুম্বই: রোমের কুয়াশাঢাকা নীল আকাশের নিচে বুধের পড়ন্ত বিকেলে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ভারতের জনপ্রিয় চকোলেট ‘মেলোডি’ উপহার দিয়ে আন্তর্জাতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রপ্রধানের এই মিষ্টি ‘চকোলেট কূটনীতি’র ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন দাবানলের মতো ভাইরাল। যেখানে মোদীর দেওয়া উপহারের প্যাকেট হাতে জর্জিয়া মেলোনিকে হাসিমুখে বলতে শোনা যাচ্ছে, “প্রধানমন্ত্রী মোদী আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট—মেলোডি।” দুই রাষ্ট্রনেতার এই ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে যখন নেটপাড়ায় মিমের বন্যা বয়ে যাচ্ছে, ঠিক তখনই এই ‘মেলোডি’ রসায়নে এক জবরদস্ত বলিউড টুইস্ট নিয়ে হাজির হলেন বলিপাড়ার কিউট দম্পতি সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। মোদী-মেলোনির এই আন্তর্জাতিক বন্ধুত্বের আবহেই নিজেদের মতো করে প্রেমের এক নতুন ‘মেলোডি’ অধ্যায় তৈরি করলেন এই তারকাদম্পতি, যা দেখে মজেছেন ভক্তরা।
বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত মজাদার ও মিষ্টি ভিডিও শেয়ার করেছেন সোনাক্ষী ও জাহির। প্রকাশ্যেই যে এই জুটির খুনসুটি আর কেমিস্ট্রি দারুণ জমে, তা অনুগামীদের বেশ ভালোই জানা। ভাইরাল হওয়া সেই নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষী বেশ কৌতূহলী হয়ে স্বামী জাহিরের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলছেন, “তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করবে?” জবাবে জাহির অত্যন্ত রোমান্টিক সুরে জানান, “তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি।” ব্যাস, অমনি খানিক দুষ্টু-মিষ্টি হেসে নায়িকা বলেন, “থাক, তাহলে আর নতুন করে জিজ্ঞেস করার দরকার নেই।” কিন্তু আসল চমকটি ছিল ঠিক এর পরেই। সোনাক্ষী কথাটি শেষ করতে না করতেই অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে নিজের পকেট থেকে একটি ‘মেলোডি’ টফি বের করে জাহির সংলাপের সুরে বলে ওঠেন, “মেলোডি খাও, নিজেই জেনে যাবে!”
আসলে এটি সেই বহু পুরনো এবং অতি জনপ্রিয় বিজ্ঞাপনের সংলাপ—‘মেলোডি খাও, খুদ জান যাও’। মোদী-মেলোনির রোম সফরের ‘মেলোডি’ মিমের ট্রেন্ডকে কাজে লাগিয়ে ঠিক এই চকোলেটি কায়দাতেই স্ত্রীর সামনে নিজের ভালোবাসা নিবেদন করলেন জাহির। তারকাদম্পতির এই চরম রসবোধ ও টাইমিং দেখে নেটপাড়ার বাসিন্দাদের হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড়। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হতেই নেটপাড়ায় দেদার কমেন্ট পড়তে শুরু করেছে। অনেকেই রসিকতা করে প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক মঞ্চে মোদী-মেলোনির যে ‘মেলোডি কূটনীতি’ নিয়ে চারদিকে চর্চা চলছে, সোনাক্ষী আর জাহির কি পরোক্ষভাবে সেই বিশেষ বন্ধুত্বকেই মিষ্টি ইশারায় ট্রিবিউট দিলেন? রাজনীতি থেকে শুরু করে বিনোদন জগত—চকোলেটের এই ‘মেলোডি’র জাদুতে আপাতত বুঁদ হয়ে রয়েছে গোটা নেটদুনিয়া।
বিষয় : sonaksisinha zaheeriqbal modimelni melodi

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন