ওয়াশিংটন: ইরান যুদ্ধের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা খর্ব করার যে মরিয়া চেষ্টা ডেমোক্র্যাটরা চালাচ্ছিল, মার্কিন প্রতিনিধি সভায় (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) তা সাময়িকভাবে ভেস্তে গেল। ট্রাম্পকে বড়সড় রাজনৈতিক ধাক্কা ও তীব্র সমালোচনা থেকে বাঁচাতে বৃহস্পতিবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবিত একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি আকস্মিকভাবে বাতিল করে দিলেন শাসকদল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতৃত্ব। সেনেটে ডেমোক্র্যাটদের আনা একই ধরনের একটি প্রস্তাব এগিয়ে যাওয়ার ঠিক দু'দিন পরেই প্রতিনিধি সভার এই নাটকীয় মোড় মার্কিন রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
মার্কিন সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার একচ্ছত্র অধিকার রয়েছে একমাত্র সংসদের (কংগ্রেস)। কিন্তু, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই অভিযোগ উঠছিল, কংগ্রেসের কোনও অনুমতি না নিয়েই ট্রাম্প প্রশাসন এই দীর্ঘমেয়াদি সামরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এই প্রেক্ষিতেই প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রুখতে এবং সংসদের অনুমোদন বাধ্যতামূলক করতে হাউসে এই বিল আনা হয়েছিল। এর আগে বছরের শুরুতে একই ধরনের তিনটি প্রস্তাব সামান্য ব্যবধানে নাকচ করতে পেরেছিল ট্রাম্পপন্থী রিপাবলিকানরা। কিন্তু, পরিস্থিতি এখন বদলেছে। শেষ ভোটাভুটিটি টাই হয়েছিল এবং বৃহস্পতিবারের এই প্রস্তাবে কতিপয় রিপাবলিকান সাংসদও ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেবেন বলে আভাস মিলছিল। ফলে বিলটি অনায়াসে পাস হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছিল।
ঠিক এই হারের ভয় এবং ট্রাম্পের অস্বস্তি ঢাকতেই মেমোরিয়াল ডে-র ছুটির ঠিক আগে তড়িঘড়ি ভোটাভুটি স্থগিত করার সিদ্ধান্ত নেন হাউস স্পিকার তথা রিপাবলিকান নেতারা। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিকস ক্ষোভ উগরে দিয়ে সাংবাদিকদের বলেন, "আমাদের কাছে প্রস্তাবটি পাস করানোর মতো পর্যাপ্ত ভোট ছিল এবং ওরাও সেটা খুব ভালো করে জানত।" আপাতত এই ভোটাভুটি পিছিয়ে আগামী জুনের শুরুতে নিয়ে যাওয়া হয়েছে। ডেমোক্র্যাটদের আশঙ্কা, কোনও সুনির্দিষ্ট রণকৌশল ছাড়াই এই যুদ্ধকে টেনে নিয়ে যাচ্ছেন ট্রাম্প। যদিও হোয়াইট হাউস এবং কট্টর রিপাবলিকানদের দাবি, প্রধান সেনাপতি (কমান্ডার-ইন-চিফ) হিসেবে দেশের স্বার্থে এবং তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় এই সীমিত সামরিক পদক্ষেপ করার পূর্ণ আইনি অধিকার প্রেসিডেন্টের রয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন