শান্তিপুর: বছর দেড়েক পুরোনো এক পকসো (POCSO) মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতা নাবালিকার পরিবারকে লাগাতার হুমকি ও চাপ সৃষ্টির অভিযোগ উঠল স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে। পকসো আইনের মতো সংবেদনশীল মামলায় আইনি লড়াই চালাতে গিয়ে এখন রীতিমতো প্রাণনাশের আশঙ্কায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। নদিয়ার শান্তিপুর থানা এলাকার এই ঘটনা কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় রাজ্যের বর্তমান শাসকদল বিজেপিকে তীব্র নিশানা করেছে বিরোধী শিবির তৃণমূল কংগ্রেস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর শান্তিপুরে এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে তার এক প্রতিবেশীর বিরুদ্ধে। সেই সময় নির্যাতিতার পরিবারের তরফে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তি বর্তমানে জেল হেফাজতে রয়েছে। নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি ওই মামলা আদালত থেকে তুলে নেওয়ার জন্য তাঁদের ওপর প্রচণ্ড ‘চাপ’ সৃষ্টি করা হচ্ছে। অভিযোগের তির স্থানীয় বিজেপি বুথ সভাপতি এবং ধৃতের পরিবারের লোকজনের দিকে। তাঁদের অভিযোগ, ওই বিজেপি নেতার নেতৃত্বে একদল লোক দলবেঁধে তাঁদের বাড়িতে চড়াও হচ্ছে এবং মামলা না তুললে সপরিবারে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই শান্তিপুরের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তীব্র নিন্দা প্রকাশ করে স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো বলেন, “পকসো মামলাটি এখনও আদালতে বিচারাধীন। রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর বিজেপি ক্ষমতায় আসতেই তাদের বুথ সভাপতি এবং দলের কর্মীরা ওই আক্রান্ত পরিবারটির ওপর জোর-জুলুম শুরু করেছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা ইতিমধ্যেই আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আশা করব, পুলিশ ও প্রশাসন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”
অন্যদিকে, এই গুরুতর অভিযোগ প্রসঙ্গে পাল্টা বিজেপি নেতা সদানন্দ হালদার জানান, “অভিযুক্ত ব্যক্তি আগে আমাদের দলের কর্মী ছিলেন। তবে বর্তমান বুথ সভাপতি এই হুমকির ঘটনার সঙ্গে আদেও যুক্ত কিনা, তা আমার জানা নেই। যদি সত্যিই এই ধরনের কোনও ঘটনা ঘটে থাকে, তবে আমাদের দল অবশ্যই বিষয়টিকে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে।”
ইতিমধ্যেই হেনস্থা এবং প্রাণনাশের হুমকির বিষয়ে শান্তিপুর থানায় একটি নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, নাবালিকা ও তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে ওই এলাকায় পুলিশি নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছে।
বিষয় : BengalPolitics lawandorder pocsocase

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন