লেকটাউন: তীব্র হাওয়ায় দুলছে ফুটবল তারকা লিওনেল মেসির সুবিশাল স্ট্যাচু! যেকোনও মুহূর্তে সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে — এই চরম আশঙ্কায় বুক কাঁপছে লেকটাউনের বাসিন্দাদের। বড়সড় দুর্ঘটনা এড়াতে শেষ পর্যন্ত সোমবার তড়িঘড়ি পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছন পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার, পদস্থ আধিকারিক এবং লেকটাউন থানার প্রতিনিধিরা। স্থানীয় সূত্রের খবর, বিপর্যয় এড়াতে আজ, সোমবার রাতের মধ্যেই ৭০ ফুটের এই বিশালাকার মূর্তিটি পুরোপুরি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে তৎকালীন মন্ত্রী সুজিত বসুর বিশেষ তত্ত্বাবধান ও উদ্যোগে লেকটাউনের এই মেসির মূর্তিটি গড়ে তোলা হয়েছিল। প্রখ্যাত শিল্পী মন্টি পালের নেতৃত্বে তৈরি এই মূর্তিটির উদ্বোধনও ছিল বেশ জমকালো। খোদ আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি তাঁর কলকাতা সফরের সময় ভার্চুয়ালি এই ৭০ ফুটের স্ট্যাচুটির উন্মোচন করেছিলেন। উদ্বোধনের সময় পাশে ছিলেন বিধাননগরের তৎকালীন বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসু।
কিন্তু, মাত্র কয়েক মাসের ব্যবধানেই এই স্থাপত্যের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য হাওয়া দিলেই মূর্তিটি বিপজ্জনকভাবে দুলতে শুরু করছে। শুধু তাই নয়, মূর্তিটির ঠিক নীচের অংশের মাটি ইতিমধ্যেই বসে গেছে এবং চারপাশের পাথর ও মাটি আলগা হয়ে বেরিয়ে পড়েছে। বর্তমান আইপিএলের মরশুমে এই মূর্তির ঠিক নীচে থাকা একটি জায়ান্ট স্ক্রিনের সামনে প্রতি সন্ধ্যায় শয়ে শয়ে ক্রীড়ামোদী মানুষ ভিড় জমিয়ে ম্যাচ উপভোগ করেন। এই পরিস্থিতিতে যদি হঠাৎ মূর্তিটি ভেঙে পড়ে, তবে প্রচুর প্রাণহানির আশঙ্কা থাকছে।
বিপদের গুরুত্ব অনুধাবন করে স্থানীয় মানুষ লেকটাউন থানায় লিখিত অভিযোগ জানান। এরপরই আর সময় নষ্ট না করে যুদ্ধকালীন তৎপরতায় পরিদর্শনে আসেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও পুলিশ কর্তারা। প্রাথমিক পরীক্ষার পর মূর্তিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হওয়ায়, সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে রাতেই এটি ভেঙে ফেলার প্রস্তুতি শুরু হয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন