কলকাতা: বাংলার শিক্ষাদপ্তরে এবার এক মস্ত বড় রদবদল ঘটতে চলেছে। তৃণমূল আমলের কাঠামো ভেঙে ফেলে এক ধাক্কায় বাম আমলের সেই পুরনো মডেলেই ফিরতে চলেছে শুভেন্দু অধিকারীর নতুন সরকার। নবান্ন সূত্রে খবর, শিক্ষাক্ষেত্রে কাজের গতি দ্বিগুণ করতে এবার দপ্তরটিকে দু’ভাগে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাম জমানার মতোই রাজ্যে এবার থাকতে চলেছেন ‘বিদ্যালয় শিক্ষা’ এবং ‘উচ্চশিক্ষা’— এই দুই পৃথক দপ্তরের জন্য দুই আলাদা পূর্ণমন্ত্রী। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর থেকেই জল্পনা ছিল মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহেই নতুন মন্ত্রীদের চূড়ান্ত তালিকা পৌঁছে যাচ্ছে রাজভবনে।
বিজেপির অন্দরের খবর, শুভেন্দু সরকারের এই প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণে একগুচ্ছ চমক থাকলেও সামগ্রিকভাবে ক্যাবিনেটের কলেবর কিন্তু ছোটই রাখা হচ্ছে। তবে ছোট হলেও ভারসাম্য রক্ষায় কোনও খামতি রাখছে না পদ্ম শিবির। রাজ্যের প্রতিটি ভৌগোলিক এলাকা এবং বিভিন্ন জাতি-উপজাতির সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করেই তৈরি হয়েছে এই তালিকা। রাজনৈতিক মহলের মতে, নতুন জয়ী বিধায়কদের মধ্যে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাপস রায় এবং নিশীথ প্রামাণিক ছাড়া রাজ্য বা কেন্দ্রে মন্ত্রিত্ব সামলানোর অভিজ্ঞতা আর কারও নেই। তাই নতুন মুখ বেছে নেওয়ার ক্ষেত্রে স্রেফ রাজনৈতিক পরিচিতি নয়, বরং প্রশাসনিক কাজ পরিচালনার দক্ষতাকেই সবথেকে বেশি নম্বর দেওয়া হয়েছে।
কোন কোন জেলা থেকে নতুন মন্ত্রীরা আসছেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। জানা যাচ্ছে, সদ্য সমাপ্ত নির্বাচনে যে সমস্ত জেলায় বিজেপি নিরঙ্কুশ দাপট দেখিয়ে একক আধিপত্য কায়েম করতে পেরেছে, সেখানকার বিধায়করা পুরস্কার স্বরূপ পেতে চলেছেন মন্ত্রিত্বের লোভনীয় মুকুট। পূর্ণমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকজন প্রতিমন্ত্রীর নামও এই তালিকায় চূড়ান্ত করা হয়েছে। ব্রিগেডের মেগা মঞ্চে প্রথম দফায় শুভেন্দুর সঙ্গে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বর্তমানে তাঁদের ওপর থাকা বিপুল কাজের চাপ কমাতেই মূলত কিছু দপ্তর নতুনদের হাতে ছেড়ে দেওয়া হবে। তবে স্বরাষ্ট্র ও তথ্য সংস্কৃতির মতো ওয়ান-লাইনার এবং হাই-প্রোফাইল দপ্তরগুলি কিন্তু নিজের হাতেই শক্ত করে ধরে রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন