বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ঠিক এমন এক মুহূর্তে বড়সড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওদের প্রথম অন-ফিল্ড অনুশীলন সেশনে নামেননি দলের পোস্টার বয় নেইমার জুনিয়র। উল্টো চোটের অবস্থা জানতে তাকে ছুটতে হয়েছে মেডিকেল টেস্ট করাতে। আর তাতেই আবারও ফুটবলপ্রেমীদের মনে দানা বাঁধছে পুরোনো আশঙ্কা—তবে কি বিশ্বকাপের আগেই ছিটকে যাবেন নেইমার?
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, ডান পায়ের কাফের (Calf) চোটের কারণে তেরেসোপোলিসের ‘গ্রানজা কোমারি’র ক্লোজড ডোর অনুশীলনে অংশ নিতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোটের গভীরতা বুঝতে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে এমআরআই (MRI) ও ইমেজ টেস্ট করানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় এই কাফ ইনজুরিতে পড়েন নেইমার। তবে নিজের চোট নিয়ে খোদ নেইমারকে অবশ্য বেশ আত্মবিশ্বাসীই দেখিয়েছে। গত মঙ্গলবার সান্তোসের একটি ম্যাচ দেখতে গিয়ে সাংবাদিকরা তার চোট নিয়ে প্রশ্ন করলে তিনি হেসে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, "কী সমস্যা? (What problem?)"। কিন্তু মুখে চোট এর প্রসঙ্গ উড়িয়ে দিলেও প্রথম দিনের অনুশীলনে তার অনুপস্থিতি ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, আগামী রোববার (৩১ মে) ব্রাসিলিয়ায় পানামার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৫ জুন মিশরের বিপক্ষে খেলবে দ্বিতীয় প্রীতি ম্যাচ।
এরপর আগামী ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান জায়ান্ট মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) মিশন। ‘সি’ গ্রুপে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হলো হাইতি ও স্কটল্যান্ড। এখন দেখার বিষয়, পানামা ম্যাচের আগেই নেইমার ফিট হয়ে ওঠেন, নাকি কোটি ভক্তের আশঙ্কা সত্যি করে মাঠের বাইরেই কাটাতে হয় তাকে।
বিষয় : FIFAWORLDCUP neymar brazil neymarinjury

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন