কলকাতা: ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম পূরণ নিয়ে তৈরি হওয়া যাবতীয় সংশয় ও বিতর্ক দূর করতে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে বিধাননগরের একটি হাসপাতালে জরায়ুমুখ ক্যানসারের টিকাকরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই প্রকল্প ঘিরে কোনও রকম গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। যোগ্য প্রত্যেক মহিলাই এই প্রকল্পের সুবিধা পাবেন এবং ফর্ম পূরণের জটিলতা কাটাতে উপভোক্তাদের বাড়ি-বাড়ি যাবেন সরকারি প্রতিনিধিরাই।
ভোটের আগে বিজেপির নির্বাচনী ইস্তেহার বা ‘সঙ্কল্পপত্র’-এর অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই ‘অন্নপূর্ণা যোজনা’। যেখানে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। ক্ষমতায় আসার পর শুভেন্দুর সরকার সেই প্রকল্পের ফর্ম প্রকাশ করতেই শুরু হয় বিতর্ক। ১২ পাতার এই দীর্ঘ ফর্মে জমির কাগজপত্র থেকে শুরু করে পরিবারের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথির মতো একাধিক খুঁটিনাটি তথ্য চাওয়া হয়েছে। সাধারণ মানুষের একাংশের দাবি, ‘লক্ষ্মীর ভান্ডার’-এর তুলনায় এই ফর্ম অত্যন্ত জটিল এবং সাধারণ মানুষের পক্ষে তা পূরণ করা বেশ কঠিন। এই নিয়ে ক্ষোভের আবহ তৈরি হতেই আসরে নামেন মুখ্যমন্ত্রী।
শনিবার এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাব। ফর্ম নিয়ে চিন্তার কিছু নেই, প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন।” ফর্মের কড়াকড়ি নিয়ে তাঁর যুক্তি, “আমরা চাই প্রকৃত প্রাপকরাই এই সুবিধা পান। কোনও অভারতীয় বা পুরুষ যাতে ভুল উপায়ে এই টাকা না পান, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।” তিনি আরও স্মরণ করিয়ে দেন, সঙ্কল্পপত্রের প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করতে তাঁর সরকার দায়বদ্ধ।
সরকারি নিয়ম অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তবে যাঁরা আয়কর দেন, সরকারি চাকরি করেন কিংবা নিয়মিত বেতন ও পেনশন পান, তাঁরা এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না। ফর্ম সরলীকরণের দাবি নিয়ে এর আগে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও আমজনতাকে আশ্বস্ত করেছিলেন। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি প্রতিনিধি পাঠানোর বার্তা দেওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ অনেকটাই কমবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন