কলকাতা: সাতসকালে ধুন্ধুমার দক্ষিণ ২৪ পরগনায়! প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে আচমকাই হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাসভবনে পৌঁছে যান কেন্দ্রীয় আধিকারিকেরা। শুধু তাঁর বাড়িই নয়, সংলগ্ন দলীয় কার্যালয় এবং মৌখালিতে শওকত-পুত্র ইমরান মোল্লার একটি ক্যাফেতেও জোরকদমে তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারীরা। সাতসকালের এই হাই-ভোল্টেজ অভিযানে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে যখন এই তল্লাশি শুরু হয়, তখন শওকত মোল্লা নিজে বাড়িতে ছিলেন না। তবে বাড়িতে উপস্থিত রয়েছেন তাঁর স্ত্রী, কন্যা এবং পুত্র ইমরান মোল্লা। শওকতের অনুপস্থিতিতে তাঁর ছেলে ইমরানকেই এখন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ-র আধিকারিকেরা। তৃণমূলের এই দাপুটে প্রাক্তন নেতার অন্দরমহল থেকে ঠিক কী কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর সবার।
হঠাৎ কেন শওকতের দুয়ারে কড়া নাড়ল এনআইএ? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এই অভিযানের যোগ রয়েছে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকার একটি ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ-কাণ্ডের সঙ্গে। বিধানসভা নির্বাচনের ঠিক কিছু দিন আগে ঘটা ওই বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা, প্রাণ হারিয়েছিলেন একজন এবং গুরুতর জগত হয়েছিলেন বেশ কয়েকজন। সেই সময় নওশাদ সিদ্দিকির দল আইএসএফ-এর তরফে এই ঘটনার এনআইএ তদন্তের জোরালো দাবি তোলা হয়েছিল। পরবর্তীকালে আদালতের নির্দেশে এই স্পর্শকাতর মামলার দায়িত্বভার নিজেদের হাতে নেয় কেন্দ্রীয় সংস্থা।
এই বোমা-কাণ্ডের তদন্তে নেমে এনআইএ ইতিমধ্যেই তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই কি এবার শওকত মোল্লার নাম উঠে এল? সেই জল্পনাই এখন তুঙ্গে। ক্যানিং পূর্ব কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত ২০১৬ এবং ২০২১ সালে পর পর দু’বার বিধায়ক নির্বাচিত হলেও, ২০২৬ সালের নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির কাছে পরাজিত হন। ভোট-বিপর্যয়ের পর থেকে তাঁকে সেভাবে জনসমক্ষে দেখা না গেলেও, গতকালই বিধানসভায় গিয়ে নবনিযুক্ত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শওকতের ডেরায় এনআইএ-র এই সাঁড়াশি অভিযান ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর চরমে পৌঁছেছে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন