শ্রীরামপুর: রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই যেন একে একে খোলার মুখে তৃণমূলের প্রভাবশালী নেতাদের ‘দুর্নীতির আলাদিনের চেরাগ’। এবার সেই তালিকায় যুক্ত হলো হুগলির শ্রীরামপুর পুরসভার দাপুটে তৃণমূল কাউন্সিলর উত্তম রায়ের নাম। সাতটি বিয়ে, ৫০০ কোটি টাকার বিপুল সম্পত্তি এবং এলাকায় বছরের পর বছর ধরে চলা গুন্ডারাজ— এই সমস্ত বিস্ফোরক অভিযোগ এনে এবার ওই কাউন্সিলরের নামে প্রকাশ্য রাস্তায় পড়ল পোস্টার। শুধু পোস্টার পড়াই নয়, কাউন্সিলরের এই অবিশ্বাস্য কীর্তিফাঁস হতেই শ্রীরামপুর পুরসভার সামনে আছড়ে পড়ল উত্তেজিত জনতার বিক্ষোভ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অভিযুক্ত নেতার ছবিতে পচা ডিম ছুড়ে প্রতীকী প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই যেভাবে এই নেতার বিরুদ্ধে সাধারণ মানুষ রাজপথে নামলেন, তাতে হুগলির রাজনৈতিক মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তম রায় শ্রীরামপুর পুরসভার অত্যন্ত প্রভাবশালী এক নেতা। তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথমে ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়ে জয়ী হওয়ার পর, পরবর্তীতে তিনি ৫ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পান। ওই ওয়ার্ডেরই টানা চারবারের কাউন্সিলর তিনি। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ, ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চরম ভয়ের রাজনীতি ও সিন্ডিকেট রাজ চালাচ্ছিলেন উত্তম। জোর করে সাধারণ মানুষের জমি ও বাড়ি দখল থেকে শুরু করে বিরোধীদের ওপর অকথ্য অত্যাচার— সবকিছুর পেছনেই হাত থাকত এই নেতার। আর এই দাপটকে কাজে লাগিয়েই বিগত কয়েক বছরে তিনি প্রায় ৫০০ কোটি টাকার মালিক বনে গিয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। শুধু হুগলিতেই নয়, পাহাড় থেকে সমুদ্র অর্থাৎ দার্জিলিং এবং দিঘাতেও তাঁর একাধিক বিলাসবহুল হোটেল ও লজ রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রাইম লোকেশনে একাধিক রাজপ্রাসাদোপম বাড়ি ও ধাবাসংবলিত অনুষ্ঠানবাড়ির হদিস মিলেছে বলে পোস্টারে দাবি করা হয়েছে।
হঠাৎ করে কাউন্সিলরের এই ‘সাত বউ ও ৫০০ কোটি’র পোস্টার ঘিরে যখন শ্রীরামপুর জুড়ে তীব্র শোরগোল, তখন স্বাভাবিকভাবেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর উত্তম রায়। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন, তিনি যা কিছু সম্পত্তি করেছেন তা সম্পূর্ণ আইন মেনেই করেছেন। রাজ্যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনৈতিক চক্রান্ত করে তাঁকে সামাজিকভাবে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে, এই হাইভোল্টেজ বিক্ষোভ প্রসঙ্গে শ্রীরামপুর পুরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা জানিয়েছেন, কাউন্সিলর উত্তম রায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত পুরসভার কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ এলে প্রশাসন ও আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আপাতত ক্ষমতার অলিন্দ থেকে রাজপথে আছড়ে পড়া এই দুর্নীতি ও বহুবিবাহের বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সকলের।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন