কয়লা পাচার মামলার তদন্তে নতুন মোড়। এবার পলাতক অভিযুক্ত বিনয় মিশ্রের বাবা-মাকেও ‘ফেরার’ বা পলাতক বলে আদালতে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার অভিযোগ, একাধিকবার সমন পাঠানো হলেও তাঁরা তদন্তে সহযোগিতা করেননি এবং হাজিরাও দেননি। সেই কারণেই আদালতে তাঁদের বিরুদ্ধে পলাতক থাকার তথ্য তুলে ধরা হয়েছে।
ইডি সূত্রের দাবি, কয়লা পাচার মামলায় বিনয় মিশ্রের আর্থিক লেনদেন, সম্পত্তি এবং বিভিন্ন সংস্থার সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখতে গিয়ে পরিবারের সদস্যদের ভূমিকাও তদন্তের আওতায় এসেছে। তদন্তকারীদের মতে, বিপুল অঙ্কের সম্পত্তি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বিনয় মিশ্রের বাবা তেজ বাহাদুর মিশ্র ও মা ললতা মিশ্রকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বারবার তলব করা হলেও তাঁরা হাজির হননি বলে অভিযোগ।
প্রসঙ্গত,কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নজরে রয়েছেন বিনয় মিশ্র। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টাও চলছে। অতীতে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছিল তদন্তকারী সংস্থাগুলি। তদন্তকারীদের দাবি, মামলার আর্থিক দিক উন্মোচনে পরিবারের সদস্যদের ভূমিকা ও সম্ভাব্য তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিনয় মিশ্রের বাবা-মায়ের অবস্থান এবং তাঁদের আর্থিক সংযোগের বিষয়েও তদন্ত আরও জোরদার করা হচ্ছে।
বিষয় : ED BinoyMishra #CoalScam

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন