আজ গণেশ চতুর্থী। প্যান্ডেলে প্যান্ডেলে এখন পুজোর আবহ। সিদ্ধিদাতার আরাধনায় সকাল থেকেই ব্যস্ত অনেকেই। পুজোর দিনে কেউ নির্জলা উপোস করেন, আবার কেউ জল-ফল খেয়ে ব্রত করেন। তবে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে অনেকেরই গ্যাস, অম্বল, মাথা ঘোরা বা দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই উপোস করলেও এত দীর্ঘ সময় একদম খালি পেটে না থেকে, এমন কিছু খাবার খেতে পারেন যা আপনার শরীর রাখবে চনমনে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপোসের ধরন ব্যক্তিভেদে আলাদা হতে পারে। তবে যাঁরা ফলাহার করেন, তাঁরা মাঝেমধ্যে অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস বা মাখানা খেতে পারেন। এতে শরীরে কিছুটা শক্তি বজায় থাকতে পারে। পাশাপাশি অতিরিক্ত খিদে থেকেও স্বস্তি মিলতে পারে। পুজোর আগে শরীরে জলের ঘাটতি না হওয়াটাও গুরুত্বপূর্ণ। ডাবের জল এক্ষেত্রে ভাল বিকল্প হতে পারে। আখের রসও খেতে পারেন, তবে পরিমাণের দিকে খেয়াল রাখা প্রয়োজন। ভাফলাহার করলে কাঠবাদাম, দই বা পনিরের মতো খাবার রাখা যেতে পারে। এতে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর শরীর একেবারে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা কমে।
তবে উপোস ভাঙার সময়ও সাবধান। সারাদিন না খেয়ে হঠাৎ করে তেল-মশলাদার বা ভাজাভুজি খাবার খেলে হজমের সমস্যা হতে পারে। তাই হালকা এবং সহজপাচ্য খাবার দিয়ে ধীরে ধীরে খাওয়া শুরু করাই ভাল। ওটসের খিচুড়ি, ডালিয়া বা সাবুর খিচুড়ির মতো খাবার রাখতে পারেন। সঙ্গে পরিমাণমতো জল খাওয়াও জরুরি।
বিষয় : Ganesh Chaturthi

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন