কলকাতা: বসন্তের আমেজ কাটতে না কাটতেই এবার চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বর্তমানে ভোরের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লেই বাড়ছে রোদের তেজ। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানাল, রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, রবিবার থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গে। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সোমবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে অন্যান্য জেলায় বৃষ্টির দাপট কিছুটা কমলেও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির স্থায়িত্ব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকেই দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের আটটি জেলাতেই ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে প্রায় গোটা সপ্তাহজুড়েই হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বজায় থাকবে।
তবে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঠান্ডার আমেজ ফেরার কোনও সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। আলিপুর জানাচ্ছে, ঝড়-বৃষ্টি হলেও আগামী সাতদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বিকেলের পর থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন