কলকাতা: ফের অনুরাগীদের জন্য সুখবর নিয়ে আসছেন দিলজিৎ দোসাঞ্জ? সম্প্রতি গায়কের ইন্সটাগ্রাম পোস্ট ঘিরে সেই জল্পনাই শুরু হয়েছে। ‘কলকাতা, তোমার শহরে আসছি’, এমনই বার্তা সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন দিলজিৎ। ফলে তাঁর চলতি ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’-এর পর্বে কলকাতাও যুক্ত হতে পারে বলে আশা করছেন অনুরাগীরা।
কলকাতায় কনসার্ট ছাড়াও দিলজিতের দার্জিলিং সফর নিয়েও আলোচনা শুরু হয়েছে। অরা ট্যুরের অনুষ্ঠানের পাশাপাশি বছরের শেষে দার্জিলিংয়ে রাজ্য পুলিশের আয়োজিত ‘মেলোটি ফেস্ট’-এও অংশ নিতে পারেন তিনি। তবে এখনই এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ভারতের একাধিক শহরে কনসার্টের সূচি প্রকাশ করেছেন দিলজিৎ। তাঁর ভারতীয় সফর শুরু হওয়ার কথা ১ নভেম্বর দিল্লি-এনসিআর থেকে। এরপর ১৫ নভেম্বর ইন্দোর, ২১ নভেম্বর আহমেদাবাদ, ২৭ নভেম্বর মুম্বই, ২৯ নভেম্বর বেঙ্গালুরু এবং ৫ ডিসেম্বর লখনউয়ে অনুষ্ঠান করার কথা রয়েছে গায়কের। চণ্ডীগড়েও কনসার্টের ঘোষণা হয়েছে। কিন্তু যে সূচি প্রকাশিত হয়েছে সেখানে এখনও কলকাতার নাম নেই।
উল্লেখ্য, ২০২৪ সালে ‘দিল-লুমিনাটি ট্যুর’-এর অংশ হিসেবে কলকাতায় অনুষ্ঠান করেছিলেন দিলজিৎ। পাশাপাশি ফুলবাজার, কফি হাউস, হলুদ ট্যাক্সি এবং গঙ্গার ধারের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন গায়ক। পুজো দিতে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরেও। ফলে ফের কলকাতায় তাঁর অনুষ্ঠান ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। তবে কনসার্ট হলে কোথায় অনুষ্ঠান হবে, কবে থেকে বুকিং শুরু হবে বা কত টিকিট পাওয়া যাবে তার কোনও ঘোষণা করা হয়নি।
বিষয় : Diljit Dosanjh Entertainment

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন