জলদাপাড়া: পুজোর ছুটিতে কোথায় যাওয়ার পরিকল্পনা করছেন? পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল? এক এক জনের ইচ্ছে এক এক রকম। তবে যদি জঙ্গল ভ্রমণের ইচ্ছে থাকে তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার জলদাপাড়ায় সাফারির টিকিট কাটতে আর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বনদপ্তরের উদ্যোগে জলদাপাড়া জাতীয় উদ্যানে জিপসি ও হাতি সাফারির টিকিট এক মাস আগে থেকেই অনলাইনে বুক করার ব্যবস্থা চালু করেছে।
সূত্রে খবর, প্রতিদিন জলদাপাড়ায় জিপসি সাফারির ৯১২টি আসন এবং হাতি সাফারির ৪৮টি আসন অনলাইনে বুক করা যাবে। তবে জলদাপাড়ায় পর্যটকদের জন্য এই সুখবর থাকলেও বক্সার পরিস্থিতি আলাদা। বক্সা টাইগার রিজার্ভে প্রবেশের রাজাভাতখাওয়া গেটের কাছে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন ১৮টি বনবস্তির বাসিন্দারা। যোগ দিয়েছেন বক্সা টাইগার রিজার্ভের সাফারি গাড়ির চালকরাও। তাই আপাতত বন্ধ রয়েছে বক্সায় কার সাফারি।
বনবস্তিবাসীদের অভিযোগ, বনদপ্তর তাঁদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত করছে। পাশাপাশি আন্দোলনকারীদের দাবি, বনাধিকার আইন, ২০০৬ লঙ্ঘন করা হচ্ছে। এমনকী, পূর্ত দপ্তরের রাস্তা ব্যবহার করেও বনদপ্তর টাকা আদায় করছে। এর ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন ব্যবসাও। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, বিহার থেকে তিন বছর বয়সি একটি বাঘিনী এনে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ছাড়া হয়েছে। তাই গত ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বক্সায় সব ধরনের পর্যটন বন্ধ রাখা হয়েছিল। ১০ অক্টোবর পর্যটকদের জন্য ফের জঙ্গল খুলে দেওয়া হয়েছে। কিন্তু বনবস্তিবাসীদের আন্দোলনের জেরে আবারও ব্যাহত হয়েছে পর্যটন পরিষেবা।
বিষয় : Travel Durga Puja 2026

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন