মুম্বই: দু’সপ্তাহ হাসপাতালে ছিলেন। অবশেষে ১৪ দিন পর বাড়ি ফিরলেন নুসরত বারুচা। বালিতে শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। মেরুদণ্ডে গুরুতর চোট লাগায় দ্রুত তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হয়। এরপর অস্ত্রোপচারও হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নুসরত। এই খবর প্রকাশ্যে আসতেই স্বস্তি ফিরেছে তাঁর অনুরাগীদের মনে।
অভিনেত্রীর টিমের তরফে জানানো হয়েছে, “দুর্ঘটনার পর কঠিন ও চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে নুসরত বারুচাকে। অবশেষে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা স্বস্তির সঙ্গে জানাচ্ছি যে অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে এবং হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।” আরও বলা হয়েছে, তবে সম্পূর্ণ সুস্থ হতে এখনও কিছুটা সময় লাগবে। এই কঠিন সময়ে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, প্রার্থনা এবং শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছে তাঁর টিম।
প্রসঙ্গত, দুর্ঘটনার পর চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, তাঁর মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে। ২ অক্টোবর অভিনেত্রীর টিম জানায়, মেরুদণ্ডে চিড় ধরায় তাঁকে দ্রুত বালি থেকে মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে। খুব শিগগিরই অস্ত্রোপচার করা হবে বলেও জানানো হয়েছিল। দুর্ঘটনার এক সপ্তাহ পর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি খালি চেয়ারের ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত। ক্যাপশন ছিল, “চিরকালই তো সূর্যাস্তের পিছনে ছুটে চলেছি। আর ঠিক তখনই আমার পুরো আকাশটাই বদলে গেল। কিন্তু, পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত!”
বিষয় : Nushrratt Bharuccha

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন